এবারো বিদেশি পর্বের চমক নিয়ে ইত্যাদি

আপডেট : ২৮ মে ২০১৯, ২০:৫৯

বিনোদন রিপোর্ট

 

বিদেশিদের দিয়ে তাঁদের মাতৃভাষার বদলে বাংলা ভাষায় গ্রামের সহজ-সরল মানুষের চরিত্রে অভিনয় করিয়ে তুলে ধরা হয় আমাদের লোকজ সংস্কৃতি, গ্রামীণ খেলাধুলা। ইত্যাদির চরিত্রানুযায়ী বিদেশিদের দিয়ে করানো নানা ঘটনার পরিসমাপ্তি ঘটে চমত্কার একটি মেসেজের মাধ্যমে। বিদেশিরা মনে করেন এটি তাঁদের জীবনে একটি নতুন অভিজ্ঞতা এবং আনন্দ। পাশাপাশি একটি শিক্ষণীয় বিষয় উপস্থাপন।

প্রতিবছর দর্শকরা যেমন এই পর্বটির জন্য অপেক্ষায় থাকেন তেমনি ঢাকায় বসবাসরত বিদেশিরাও অপেক্ষা করতে থাকেন কখন তাঁদের ডাক পড়বে ইত্যাদি থেকে। বছরের এই সময়টাতে বিদেশিদের ছুটি থাকে বলে তাঁদের পাওয়া খুবই কঠিন। তারপরও অনেকেই ইত্যাদিতে অংশগ্রহণ করার জন্য ছুটি ভোগ করেন না।

তাঁদের প্রিয় এই অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করার জন্য প্রতিবারের মতো এ বছরও তাঁরা নিজেরাই গ্রুপ তৈরি করেন ইত্যাদি বিদেশি পর্বের জন্য। এবারের পর্বে অংশগ্রহণ করেছেন পৃথিবীর নানা দেশের প্রায় ৫০ জন বিদেশি নাগরিক। এদের মধ্যে অর্ধেক নৃত্যে এবং বাকিরা অভিনয়ে অংশ নিয়েছেন। হানিফ সংকেতের নির্দেশনায় অল্প ক’দিনের মহড়ায় বাংলায় বিভিন্ন সংলাপ আয়ত্ব করে এই বিদেশিরা এবারো চমত্কার অভিনয় করেছেন। হানিফ সংকেত বলেন, ‘মাত্র কয়েকদিনের পরিচয়ে, কয়েকদিনের মেলামেশায় বিদেশিদের সাথে যে আত্মীক বন্ধন হয় তা কখনোই ভোলার নয়।’

স্পেনের নাগরিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রোসা বলেন, ‘ইত্যাদির মহড়া ও শুটিং শেষ হলে খুব মিস করি। হানিফ সংকেতের ধৈর্য্যের প্রশংসা করি। ইউনিভার্সিটিতে ক্লাস নিতে গিয়ে যখন কোনো কারণে অধৈর্য্য হয়ে পড়ি তখন হানিফ সংকেতের কথা মনে পড়ে।’ ডাচ নাগরিক লেইসবেথ বলেন, ‘আমি অনেকের কাছে ইত্যাদির গল্প শুনেছি এবং ইত্যাদিতে এসে বুঝলাম ইত্যাদিতে না এলে অনেককিছু মিস করতাম। বেশি ভালোলাগে আমাদের পর্বটিতে একটা সামাজিক বক্তব্য থাকে।’ ব্রিটিশ নাগরিক ক্রেইগ বলেন, ‘ইত্যাদি টিম খুবই ভালো, অর্গানাইজড, আমি ইত্যাদিকে ভালোবাসি। এই নিয়ে ৪ বার আমি ইত্যাদিতে অংশ নিলাম। হানিফ সংকেতের সাথে কাজ করলে বোঝা যায় যে কোনোদিন অভিনয় করেনি তাঁকেও তাঁর পক্ষে শিল্পী বানানো সম্ভব। তাঁর প্রমাণ আমরা।’ ঈদের বিশেষ ইত্যাদি একযোগে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচারিত হবে ঈদের পরদিন রাত ১০টা ২০ মিনিটে। ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত।