টানা বৃষ্টিতে তাঁতশিল্পে উত্পাদন হ্রাস

আপডেট : ২৩ জুন ২০১৪, ২১:১৩
৬ দিন ধরে চলা টানা বৃষ্টির কারণে সিরাজগঞ্জের তাঁতীরা হতাশায় পড়েছে। বৃষ্টির পানির পাশাপাশি রোদ্রের দেখা না পাওয়ায় সুতা শুকানো ও কাপড় বুনাতে পারছে না শ্রমিকেরা। তাই আগামী রমজানের ঈদকে সামনে রেখে কাঙ্ক্ষিত চড়া দামের বাজার ধরতে শাড়ি-লুঙ্গি উত্পাদনে বিড়ম্বনায় এ অঞ্চলের ২০ হাজার তাঁতীরা। কাজ না থাকায় বেকার বসে থাকা দূরের অসহায় শ্রমিকেরা অনেকেই বাড়ি চলে গেছেন। গাবতলা গ্রামের হাজী আব্দুল মন্নাফ জানান, গত ১ সপ্তাহ ধরে টানা বৃষ্টির জন্য শ্রমিক উপস্থিতের সংখ্যা ১০ ভাগে নেমে এসেছে। সামনে রমজানের ঈদের লাভের বাজার ধরতে যথাসাধ্য উত্পাদনে যেতে পারছি না। এ অবস্থা চলতে থাকলে পথে বসতে হবে। গত কোরবানীর ঈদের পর থেকে জেলার তাঁতের বাজারে ধস দেখা দিয়েছে। তারপরও আগামী রমজানের ঈদে ভাল ব্যবসা করার আশাবাদে তাঁতীরা অগ্রসর হচ্ছিল কিন্তু অব্যাহত বৃষ্টির কারণে সুতা শুকানো, রং করা, তাঁত বুনানোসহ যাবতীয় কাজ থমকে থাকায় সিরাজগঞ্জের তাঁতীরা গত ১ সপ্তাহে প্রায় ৬০/৭০ কোটি টাকার মুনাফা থেকে বঞ্চিত হচ্ছে। বাংলাদেশ হ্যান্ডলুম পাওয়ারলুম ওনার্স এ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক এবং সিরাজগঞ্জ জেলা কমিটির সভাপতি বদিউজ্জামান বদি জানান, গত ১ সপ্তাহে প্রায় ৬০ থেকে ৭০ কোটি টাকা মুনাফা পায়নি জেলার ২০ হাজার তাঁতী।