চীনের ব্র্যান্ড ‘হাওজে ১৫০ সিসি কুল’ মোটর বাইক বাংলাদেশের বাজারে আনার ঘোষণা দিয়েছে কর্ণফুলি গ্রুপ। গতকাল রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে আয়োজকদের পক্ষ থেকে নতুন ব্র্যান্ডের এই বাইক সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়।
নতুন এই বাইকে ক্রেতার জন্য প্রথমবারের মত ১০ বছরের বিক্রয়োত্তর ওয়ারেন্টি দেয়া হচ্ছে। বাইকটি প্রতি লিটার জ্বালানিতে ৫০ কিলোমিটারের বেশি চলতে সক্ষম। এছাড়া বাজারে বর্তমানে চালু থাকা অন্যান্য ১৫০ সিসি’র বাইকের তুলনায় দাম অনেক কম। চালক ও একজন আরোহীসহ এই বাইকটি ১৭ সেকেন্ডে ৮২ কিলোমিটার পর্যন্ত গতি তুলতে সক্ষম। এছাড়া বাইকটিতে একসঙ্গে প্রায় সাড়ে ১৩ লিটার ফুয়েল ধারণ করা সম্ভব। হাওজে ব্র্যান্ডের বাইক জাপান, আমেরিকা, অস্ট্রেলিয়া ও ইউরোপের বিভিন্ন দেশসহ ৭০টির বেশি দেশে বিপণন করে আসছে। নতুন এই ব্র্যান্ড সম্পর্কে বিস্তারিত তুলে ধরে বক্তব্য রাখেন কর্ণফুলি গ্রুপের নির্বাহী পরিচালক নূরুল মোস্তফা, সিনিয়র জেনারেল ম্যানেজার মেজর (অব) নূরুজ্জামান প্রমুখ।
প্রসঙ্গত, ১৯৫৪ সালে প্রতিষ্ঠিত কর্ণফুলি গ্রুপ হানজিং শিপিং, মার্কো শিপিং, পিআইএল শিপিং বাণিজ্যের পাশাপাশি ইয়ামাহা, মাহিন্দ্র ট্রাক্টর, পিয়াজো থ্রি হুইলার, ডাস অটো, এম এন, এইচ আর জি, ডাইহাটসু, ডিপি ওয়ার্ল্ড, এয়ার কার্গো জার্মানি, গ্রিভস টিলার এবং স্বরাজ ট্রাক্টর বিপণন করে আসছে।
