শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, শিক্ষাই জাতির ভবিষ্যত্, তবে এ শিক্ষায় অবশ্যই দর্শন ও পেশাগত দৃষ্টিভঙ্গির প্রতিফলন ঘটতে হবে। তথ্য প্রযুক্তির যুগে দেশের বিপুল শিক্ষিত জনগোষ্ঠী এ শিক্ষায় শিক্ষিত বা প্রশিক্ষিত নন। উন্নত বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের জন্য কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার প্রসার ও প্রয়োগের বিকল্প নেই। তিনি বলেন, এ শিক্ষার প্রসার ঘটাতে সরকার বিশেষভাবে মনোযোগ দিয়েছে। কারিগরি শিক্ষার প্রসারে দেশে কারিগরি বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রক্রিয়া চলছে।
গতকাল মঙ্গলবার রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স (আইডিইবি) ভবনে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ-২০১৪ উপলক্ষে আয়োজিত সেমিনার ও চাকরি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। কারিগরি শিক্ষা অধিদপ্তর, বিশ্বব্যাংক ও কানাডা সরকারের অর্থায়নে পরিচালিত ‘স্কিলস অ্যান্ড এনহেন্সম্যান্ট প্রজেক্ট’ এ অনুষ্ঠানের আয়োজন করে।
শিক্ষা মন্ত্রী বলেন, উন্নয়নশীল দেশগুলোর মধ্যে সহস্রাব্দ লক্ষ্যমাত্রা (এমডিজি) অর্জনের ক্ষেত্রে বাংলাদেশ সবচেয়ে এগিয়ে। আমাদের কারিগরি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জ্ঞান ও দক্ষতা দিয়ে বিশ্বজয় করতে পারবে। উচ্চতর ডিগ্রি থাকলেই হবে না, দক্ষতাও থাকতে হবে। অন্যথায় দেশের উন্নয়ন সম্ভব নয়।
কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মো. শাহজাহান মিঞার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষা সচিব ড. মোহাম্মদ সাদিক, অতিরিক্ত সচিব বজলুর রহমান, কারিগরি শিক্ষা বোর্ডের মহাপরিচালক মো. আবুল কাশেম, বিশ্বব্যাংকের সিনিয়র কর্মকর্তা ড. মো. মুকলেছুর রহমান প্রমুখ।
