ইংল্যান্ডেরপক্ষে বলছেন ম্যাকগ্রাও!

আপডেট : ২৮ মে ২০১৯, ২১:৩৫

স্পোর্টস রিপোর্টার

সারাজীবন ইংল্যান্ডের বিপক্ষে লড়াই করেছেন। ইংল্যান্ডকে কিভাবে হারানো যায়, সেই পরিকল্পনা করেছেন। কিন্তু এই ২০১৯ বিশ্বকাপের আগে আগে এসে সেই ইংল্যান্ডের পক্ষেই কথা বললেন। অস্ট্রেলিয়ান কিংবদন্তী গ্লেন ম্যাকগ্রা বলেছেন, এবার বিশ্বকাপে ইংল্যান্ডকে হারানো যে কোনো দলের জন্যই সবচেয়ে কঠিন কাজ হবে। আর নিজের মাটিতে এই ‘চিরশত্রু’ দলটিকে বিশ্বকাপের ফেভারিট মানছেন সর্বকালের অন্যতম সেরা এই ফাস্ট বোলার।

বিশ্বকাপের ইতিহাসের সেরা বোলার গ্লেন ম্যাকগ্রা। টুর্নামেন্টটির ইতিহাসের সেরা বোলার তিনি। এমনকি অবসরই নিয়েছেন ২০০৭ সালে সেই আসরেরও সেরা বোলার হয়ে। অবসরের পর নানা জায়গাতেই কাজ করেছেন। এখন চেন্নাইতে এমআরএফ পেস ফাউন্ডেশনের ক্রিকেট পরিচালক হিসেবে কাজ করছেন এই কিংবদন্তি ফাস্ট বোলার।

খেলোয়াড়ী জীবনে তিনি এমন একটা অস্ট্রেলিয়া দলের অংশ ছিলেন, যাদের সর্বকালের অন্যতম সেরা ক্রিকেট দল বলে মনে করা হয়। সেই দলের জন্য নিয়মিত কাজ ছিল চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডকে হারানো। কিন্তু ইএসপিএন ক্রিকইনফোর সাথে আলাপ করতে গিয়ে সেই ইংল্যান্ডের পক্ষেই কথা বললেন ম্যাকগ্রা। বললেন, ‘ইংল্যান্ড এখন অসাধারণ একটা ওয়ানডে ইউনিট। আমার কাছে এবার বিশ্বকাপ তারা ফেভারিট হিসেবেই শুরু করতে যাচ্ছে। ফলে আমার মনে হয়, ওরা বিশ্বকাপে ভালো করবে।’

জীবনে কী এই প্রথম ইংল্যান্ডের জন্য ইতিবাচক কথা বললেন? এমন প্রশ্নে হেসে কুটি কুটি ম্যাকগ্রা। উত্তরটা দেওয়ার সময়ও বললে, সারাজীবন পক্ষপাতি থাকতে পারেন না তিনি, ‘সম্ভবত! সারাজীবন তো আর পক্ষপাত দেখাতে পারি না। ইল্যান্ড দল এখন যেভাবে ক্রিকেট খেলছে, সেটা আমাকে খুব মুগ্ধ করেছে। তারা কিছু বড়, খুব বড় স্কোর করছে। বেশিরভাগ দল প্রথম ১৫ ওভারে আর শেষ ১৫ ওভারে বোলারদের ওপর চড়াও হয়। মাঝের ওভারগুলোতে স্থির থাকে। কিন্তু ইংল্যান্ড, ভারতের মতো দলগুলো এখন ৫০ ওভার জুড়ে ঝড় চালাচ্ছে। এটা আসলে টি-টোয়েন্টি ক্রিকেটের প্রভাবে হয়েছে। আমার মনে হয় না, এর আগে জীবনে কখনো বলেছি যে, ইংল্যান্ডকে হারানো কঠিন বা ওরা ফেভারিট। তবে এবার বলছি।’

তবে এই কথার মানে আবার এই নয় যে, ইংল্যান্ডের হাতেই শিরোপা দেখছেন ম্যাকগ্রা। ম্যাকগ্রার ভেতরে অস্ট্রেলিয়ান সত্তাটাও হারিয়ে যায়নি। ইংল্যান্ডকে ফেভারিট বলে মানলেও শিরোপাটা অস্ট্রেলিয়ার হাতেই দেখতে চান, ‘আমি বলছি না যে, ইংল্যান্ডই বিশ্বকাপ জিতে ফেলবে। তারা ফেভারিট, তাদের এই নিজেদের কন্ডিশনে হারানো যে কোনো দলের জন্য কঠিন হবে। তবে আমি বুকে হাত রেখে বলছি, অস্ট্রেলিয়া ভালো করবে।’

শুধু অস্ট্রেলিয়া নয়, নতুন চাকরির জায়গা ভারতকেও ফেলে দিচ্ছেন না ম্যাকগ্রা। বলছেন, ভারতও এবার বিশ্বকাপে ভালো করবে। তবে ভারত বা ইংল্যান্ডকে ভালো বললেও তার বাজিটা আসলে সেই অস্ট্রেলিয়ার পক্ষেই, ‘এবার বিশ্বকাপের দুটি অসাধারণ দল হলো ভারত ও ইংল্যান্ড। কিন্তু আমার হূদয় বলছে, অস্ট্রেলিয়া ভালো করবে। দক্ষিণ আফ্রিকাও কিন্তু ভালো দল। ওয়েস্ট ইন্ডিজ এবার অনেকটা ডার্ক হর্স। তারা খুব ভালো খেলতে পারে এবং খুব খারাপও করতে পারে। পাকিস্তানের ক্ষেত্রেও একই কথা। ফলে বিশ্বকাপটা খুব মজার হতে পারে। ইংল্যান্ড আর ভারতকে হারানো কঠিন হবে। তবে অস্ট্রেলিয়ার ফর্মের কারণে আমি তাদের ফাইনালে দেখতে পাচ্ছি।’