বরগুনায় নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে মানববন্ধন

আপডেট : ২৫ জুন ২০১৪, ২১:০৩
বিদ্যুত্ সমস্যা সমাধানের দাবিতে গতকাল বুধবার সকালে বরগুনায় সম্মিলিত নাগরিক কমিটির আহ্বানে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। একই সাথে বরগুনায় একটি পূর্ণাঙ্গ গ্রীডে সাব স্টেশন নির্মাণ, ১০ মেগাওয়াট বিদ্যুত্ উত্পাদনে সক্ষম একটি কুইক রেন্টাল প্ল্যান্ট স্থাপন ও জাতীয় গ্রীডে অন্তর্ভুক্ত হওয়ার জন্য বুড়িশ্বর (পায়রা) নদীতে সাবমেরিন ক্যাবলের মাধ্যমে পটুয়াখালীর সাথে সংযোগ স্থাপনের দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী ও বিদ্যুত্ প্রতিমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপির একটি কপি বরগুনা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকেও দেয়া হয়েছে। মানববন্ধনে বক্তব্য রাখেন, সম্মিলিত নাগরিক কমিটির আহবায়ক সাংবাদিক মো. হাসানুর রহমান ঝন্টু, সদর উপজেলা চেয়ারম্যান আব্বাস হোসেন মন্টু মোল্লা, বরগুনা পৌরসভার মেয়র মো. শাহাদাত হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান লে. কর্নেল (অব.) মো. আবদুল খালেক, বরগুনা প্রেসক্লাবের সভাপতি আবদুল আলীম হিমু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম সরোয়ার টুকু, জেলা শ্রমিক ফেডারেশনের সভাপতি বাবু সুখ রঞ্জন শীল, সম্মিলিত নাগরিক কমিটির যুগ্ম আহবায়ক বেবী দাস, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক এম জসীম উদ্দিন এবং সম্মিলিত নাগরিক কমিটির সদস্য সচিব সাংবাদিক হারুন অর রশিদ রিংকু।