নেত্রকোনার আটপাড়া উপজেলার মির্জাপুর গ্রামের ফয়েজ উদ্দিনের পুত্র সাইদুর রহমান হত্যা মামলায় একই গ্রামের পিতা ও দুই পুত্রসহ তিনজনকে মৃত্যুদণ্ড হয়েছে। নেত্রকোনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. আব্দুল হামিদ গতকাল বুধবার আসামিদের উপস্থিতিতে এ রায় প্রদান করেন। আসামিরা হলেন, আ. রহিম ওরফে কাচা আবু (৫০) এবং তার দুই পুত্র মুখলেছ (৩০) ও জুলহাস (৩২)। রায়ে মৃত্যু না হওয়া পর্যন্ত তাদের প্রত্যেককে গলায় ফাঁসি দিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করতে বলা হয়েছে। মামলা সূত্রে জানা গেছে, সাইদুর রহমানের সাথে আসামি আ. রহিমদের জমি সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিন যাবত্ মামলা মোকদ্দমা চলে আসছিল। এরই জের ধরে ২০০৫ সালের ২৮ ফেব্রুয়ারি রাত ৮টায় রহিম ও তার দুইপুত্র সাইদুর রহমানকে খুন করে।
