মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ফোরকান মল্লিক গ্রেফতার

আপডেট : ২৫ জুন ২০১৪, ২২:১৬
একাত্তরে মানবতাবিরোধী অপরাধ মামলার আসামি মির্জাগঞ্জের মো. ফোরকান মল্লিককে (৬৫) গ্রেফতার করেছে ডিবি পুলিশ। এসআই জাফরুল হাসানের নেতৃত্বে পটুয়াখালী ডিবি পুলিশের একটি দল গতকাল বুধবার সকাল সাড়ে ৭টায় বরিশালের রূপাতলী বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করে। মো. ফোরকান মল্লিক জেলার মির্জাগঞ্জ উপজেলার ছৈলাবুনিয়া গ্রামের মৃত কাদের মল্লিকের ছেলে। ডিবি পুলিশ সূত্রে জানা যায়, মির্জাগঞ্জের ছৈলাবুনিয়া গ্রামের আ. হামিদ মল্লিক তার চাচা মো. ফোরকান মল্লিকের বিরুদ্ধে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ২০০৯ সালের ২১ জুলাই মির্জাগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশের তদন্তে ফোরকান মল্লিকের একাত্তরে মুক্তিযুদ্ধকালে হত্যা, অগ্নিসংযোগ, লুণ্ঠন ও দেশদ্রোহিতার কার্যক্রমের সাথে জড়িত থাকার প্রাথমিকভাবে প্রমাণ পায়। পুলিশ এ মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করে। এরপর থেকে তিনি পলাতক ছিলেন। পরে জেলা জজ আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আদেশ দেয়। সেই গ্রেফতারি পরোয়ানায় গতকাল বরিশাল থেকে তাকে গ্রেফতার করা হয়। বর্তমানে এই মামলাটি আন্তর্জাতিক যুদ্ধাপরাধ বিচার ট্রাইবুনালে বিচারাধীন রয়েছে। মুক্তিযোদ্ধা সংসদ মির্জাগঞ্জ উপজেলা কমান্ডের নব-নির্বাচিত কমান্ডার আ. ওয়াজেদ মিয়া জানান, একাত্তরে মুক্তিযুদ্ধচলাকালে ফোরকান মল্লিক একজন রাজাকার হিসাবে পাক-বাহিনীকে সহায়তা করেছেন বলে বেশ কয়েকজন তার বিরুদ্ধে থানায় সাক্ষ্য দিয়েছেন। তবে ফোরকান মল্লিক তার বিরুদ্ধে সব ধরনের অভিযোগ অস্বীকার করে জানান, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে হয়রানিমূলকভাবে তার বিরুদ্ধে এ মামলা দেয়া হয়েছে।