বরিশালে নিজের বাসায় যুবকের গলিত লাশ

আপডেট : ২৫ জুন ২০১৪, ২২:১৮
নগরীর বিএম স্কুল রোডে একটি ভবনের ছাদে নিজের বাসা থেকে গতকাল বুধবার জহিরুল হাসান রুকু (৪০) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। সে ভবন মালিক মৃত আব্দুল আজিজের পুত্র। স্থানীয়রা জানায়, আব্দুল আজিজের পরিবারের সদস্যরা সকলেই ঢাকায় বসবাস করেন। বিএম স্কুল সংলগ্ন দ্বিতল ভবনটির ছাদে তৈরি দুটি কক্ষে বসবাস করতো জহিরুল হাসান রুকু। মঙ্গলবার রাতে পচা দুর্গন্ধে এলাকাবাসী অতীষ্ঠ হয়ে উঠে। গতকাল গন্ধের উত্স ঐ ভবনের ছাদে গিয়ে রুকুর কক্ষের তালা ভেঙ্গে কোতোয়ালী পুলিশ তার লাশ উদ্ধার করে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। স্থানীয়রা জানান, রুকু অসুস্থ ছিল। দীর্ঘদিন যাবত্ সে একাকি ঐ দুটি কক্ষে বসবাস করতো। দ্বিতল ভবনটি মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগকে ভাড়া দিয়েছে রুকুর পরিবার। ঐ অফিসের দায়িত্বপ্রাপ্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) আবু রায়হান জানান, রুকু পক্ষাঘাত আক্রান্ত রোগী। সে তার মত করে একাকী বসবাস করতো। মৃত্যুর বিষয়টি তার পরিবারের সদস্যদের জানানো হয়েছে। সে আত্মহত্যা করেছে নাকি অন্যকোন কারণে মারা গেছে তা ময়না তদন্ত রিপোর্ট না পাওয়া পর্যন্ত বলা যাচ্ছে না। প্রতিবেশী মুরাদ আহমেদ ইত্তেফাককে জানান, অসুস্থতাজনিত কারণেই তার মৃত্যু হয়ে থাকতে পারে। প্রতিবেশীদের ধারণা, কমপক্ষে ৩-৪ দিন আগে তার মৃত্যু হয়েছে।