লালমাই পাহাড়ের মাটি কাটা বন্ধে অবশেষে প্রশাসনের টনক নড়েছে

আপডেট : ২৬ জুন ২০১৪, ২০:২৯
কুমিল্লার লালমাই-ময়নামতি পাহাড়ের মাটি কাটা বন্ধে অবশেষে সংশ্লিষ্ট প্রশাসনের টনক নড়েছে। গত ১৯ জুন ইত্তেফাকে খবর প্রকাশের পর পরিবেশ অধিদফতরসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা পাহাড় এলাকা পরিদর্শন করে মাটিদস্যুদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তত্পর হয়ে উঠেছেন। লালমাই-ময়নামতি পাহাড়ের বিভিন্ন স্থান দিয়ে দীর্ঘদিন ধরে প্রভাবশালী সিন্ডিকেট রাতে-দিনে পাহাড়ের মাটি কাটাসহ লাখ লাখ টাকার মাটি বিক্রি করে আসছিল। বিশেষ করে পাহাড়ের দক্ষিণ-পশ্চিমাংশের দক্ষিণ কাচার, দক্ষিণাংশের রাজারখোলা, বড় ধর্মপুর, লালমাই (কলেজের পশ্চিমে) এলাকায় মাটি কেটে বিক্রি করে আসছে প্রভাবশালী চক্র। গত কয়েক সপ্তাহ ধরে পাহাড়ের দক্ষিণ-পশ্চিমাংশের দক্ষিণ কাচার এলাকায় রাতেরবেলায় পাহাড় কেটে মাটি বিক্রির মহোত্সব চলছিল। পরিবেশ অধিদফতর কুমিল্লার সহকারী পরিচালক শওকত আরা কলি গতকাল বৃহস্পতিবার জানান, আমি ঘটনাস্থল পরিদর্শন করে প্রকাশিত খবরের সত্যতা পেয়েছি। যারা পাহাড়ের মাটি কেটে বিক্রি করেছে তাদেরকে নোটিস করবো, পরবর্তীতে কী ব্যবস্থা নেয়া যায় সিদ্ধান্ত নেব।