গাজীপুরের শ্রীপুর পিয়ার আলী বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি সারোয়ার জাহান সোহেলকে (২৫) কুপিয়ে হাতের রগ কেটে দিয়েছে নিজ দলের নেতা-কর্মীরা। আশংকাজনক অবস্থায় তাকে স্থানীয় ক্লিনিকে নিলেও গুরুতর জখম হওয়ায় চিকিত্সক তাকে ঢাকায় স্থানান্তর করে।
স্থানীয়রা জানায়, উপজেলার মাওনা বাজার সংলগ্ন পিয়ার আলী কলেজের পাশে প্রশিকা মোড়ে বুধবার সকালে প্রথম দফা হামলা চালালে সে যাত্রা রক্ষা পায়। কলেজের কয়েকজন শিক্ষার্থী জানায়, ভর্তিচ্ছু শিক্ষার্থীদের কাছ থেকে ছাত্রলীগ নেতা ভর্তির পুরো টাকা নিলেও ভর্তির সময় কলেজ কর্তৃপক্ষকে কম টাকা দিয়ে ভর্তি করাকে কেন্দ্র করে এ বিরোধ হয়। এরই জের ধরে বুধবার রাতে পুনরায় তার উপর হামলা চালিয়ে হাতের রগ কেটে দেয়। সোহলের বড় ভাই সাখাওয়াত হোসেন রিপন জানান, বিরোধের জের ধরে বিল্লাল ও মামুনের নেতৃত্বে তাদের সহযোগীরা তার ভাইকে কুপিয়ে আহত করেছে। মাওনা চৌরাস্তা এ কে মেমোরিয়াল হাসপাতালের চিকিত্সক আদনান আকতার জানান, সোহেলর বাঁ হাতের রগ কেটে দেয়া হয়েছে, পেটে ও পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত র্কমর্কতা মহসিনুল কাদির জানান, পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছে, এখন পর্যন্ত লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি।
