কর্ণফুলী পেপার মিলকে লাভজনক করার নির্দেশ

আপডেট : ২৬ জুন ২০১৪, ২০:৩০
রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় অবস্থিত কর্ণফুলী পেপার মিলকে (কেপিএম) লাভজনক পর্যায় নিয়ে যেতে বিসিআইসির চেয়ারম্যান মোঃ মুনসুর আলী সিকদার নির্দেশ দিয়েছেন। তিনি গত বুধবার কেপিএম পরিদর্শনে এসে কারখানা কর্তৃপক্ষকে এই নির্দেশনা দেন। বিসিআইসির চেয়ারম্যান বলেন, কর্ণফুলী পেপার মিল বাংলাদেশের গর্ব, আমাদের অহঙ্কার। ছোটবেলা থেকে আমরা জেনে আসছি কর্ণফুলী পেপার মিল চন্দ্রঘোনায় অবস্থিত। পেপার মিলের উত্পাদিত কাগজ দিয়ে আমরা লেখাপড়া করেছি। বর্তমানে সরকার বছরের শুরুতে শিক্ষার্থীদের হাতে যে নতুন বই তুলে দিচ্ছে সেটা এই কেপিএম উত্পাদিত কাগজে ছাপানো বই। কাজেই কেপিএম অনবরত লোকসানে থেকে এক সময় বন্ধ হয়ে যাবে এটা আমরা হতে দিতে পারি না। বিসিআইসির পরিচালক (অর্থ) মোঃ আব্দুল হাই বলেন, প্রতি মেঃ টন কাগজ উত্পাদন খরচের চেয়ে প্রায় ২০ হাজার টাকা কম দামে বিক্রি করা হচ্ছে। এভাবে কেপিএমের লোকসান বৃদ্ধি পাচ্ছে। তিনি উত্পাদন খরচ কমানোর জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিতে পরামর্শ দেন।