উপজেলার বাঁকা আঁশতলাপাড়ায় দ্বিতীয় স্ত্রী সবেরা খাতুনকে (৩২) হত্যার ঘটনার পর যশোর হাসপাতালে ভর্তি স্বামী নজরুল ইসলাম পিলু হাসপাতাল থেকে পালিয়ে গেছে। গতকাল বৃহস্পতিবার ভোর হতে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে আর বেডে খুঁজে পাচ্ছে না বলে জানা গেছে। সবেরার লাশ গত বুধবার ভোরে জীবননগর-কালীগঞ্জ সড়কের বাঁকা ব্রিকফিল্ড নামক স্থান হতে উদ্ধার করা হয়।
নিহত সবেরার পরিবারের পক্ষ হতে দাবি করা হয়, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। অপরদিকে স্বামীপক্ষের লোকজনের দাবি মঙ্গলবার রাত ৩টার সময় সবেরা খাতুনকে তার পিত্রালয় পার্শ্ববর্তী বৈদ্যনাথপুর গ্রামে রেখে আসার জন্য স্বামী নজরুল ইসলাম পিলু (৫২) মোটরসাইকেলযোগে নিয়ে যাওয়ার পথে পিছন হতে জেআর পরিবহনের একটি নৈশকোচ ধাক্কা দিলে এ হতাহতের ঘটনা ঘটে। নিহত সবেরার লাশের পাশ হতে আহত স্বামী নজরুল ইসলাম পিলুকে উদ্ধার করে প্রথমে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে যশোর হাসাপাতালে নেয়া হয়।
নিহত সবেরার ভাই উপজেলার বৈদ্যনাথপুর গ্রামের হাতেম আলী অভিযোগ করে বলেন, তার বোন সবেরাকে উপর্যুপরি কুপিয়ে হত্যা করার পর পরিকল্পিতভাবে লাশ রাস্তার পাশে ফেলে রেখে দুর্ঘটনা বলে চালিয়ে দেয়ার অপচেষ্টা করা হচ্ছে এবং স্বামী নজরুল ইসলাম পিলু বাঁচার জন্য আহত হওয়ার ভান করে হাসপাতালে ভর্তি হয়েছে।
