যুবলীগ কর্মী হত্যার ঘটনায় ২১ জনের বিরুদ্ধে মামলা

আপডেট : ২৬ জুন ২০১৪, ২০:৩২
কুমিল্লার মেঘনা উপজেলা যুবলীগের কর্মী নুর মোহাম্মদকে গুলি করে এবং কুপিয়ে হত্যার ঘটনায় ২১ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। নিহত যুবলীগ কর্মী নুর মোহাম্মদের বাবা তুলাতলী গ্রামের ইউপি সদস্য ওসমান গনি বাদী হয়ে বুধবার মধ্যরাতে মেঘনা থানায় এ মামলা দায়ের করেন। তুলাতলী বাজার ও লঞ্চঘাটের ইজারা নিয়ে উপজেলা যুবলীগের সদস্য নুর মোহাম্মদ ও ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ফজর আলীর লোকজনের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে বুধবার তুলাতুলী বাজারের লঞ্চঘাটে ফজর আলীর লোকজন নুর মোহাম্মদের ওপর হামলা চালায়। এসময় গুলিতে নুর মোহাম্মদ মাটিতে লুটিয়ে পড়লে তাকে এলোপাতাড়ি কুপিয়ে তার মৃত্যু নিশ্চিত করা হয়।