উপজেলায় সেবা উন্নয়নে দরকার কার্যকর প্রশিক্ষণ

আপডেট : ২৬ জুন ২০১৪, ২২:০০
জাতীয় কর্মশালায় বক্তারা নীতিগত সংস্কার ও কার্যকর প্রশিক্ষণ ব্যবস্থার মাধ্যমে উপজেলা পরিষদের সেবা প্রদান ব্যবস্থা আরো শক্তিশালী ও উন্নত করা যায়। বৃহস্পতিবার সিরডাপ মিলনায়তনে উন্নয়ন সমন্বয়ের জাতীয় কর্মশালায় বক্তারা এসব কথা বলেন। ‘সেবার মান উন্নয়নে উপজেলা পরিষদের সুশাসন’ শীর্ষক কর্মশালায় সভাপতিত্ব করেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য মোকাদ্দেম হোসেন। উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম. এ মান্নান, ড. জেরিনা রহমান, ড. মাহফুজ কবির প্রমুখ। কর্মশালায় ভৈরব উপজেলার উপর পরিচালিত গবেষণার ফলাফল উপস্থাপন করা হয়। উন্নয়ন সমন্বয়ের গবেষণায় বলা হয়, কার্যকর শাসন ব্যবস্থা নিশ্চিত করার জন্য উপজেলা পরিষদের সেবার মান উন্নয়নে উপদেষ্টা হিসেবে এমপির ভূমিকা পরিবর্তনের তুলনায় খসড়া নীতির অনুমোদন বেশি গুরুত্বপূর্ণ। এছাড়া আইন পরিষদকে পর্যাপ্ত ক্ষমতা প্রদান করলেও আরও বেশি কার্যকর প্রশিক্ষণের দরকার। যাতে করে নির্বাচিত উপজেলা পরিষদ সদস্যরা গণতান্ত্রিকভাবে সিদ্ধান্ত গ্রহণের ব্যাপারে অবগত ও আত্মবিশ্বাসী থাকেন। গবেষণায় কিছু নমুনা শনাক্ত করা হয়েছে। সেখানে দেখা গেছে, উপজেলা পরিষদ এবং ইউনিয়ন পরিষদের স্থায়ী কমিটির তথ্যের উপর ভিত্তি করে উপজেলা পরিষদ স্বাস্থ্য, কৃষি, নারী অধিকার এবং দুর্যোগ, ত্রাণ বিষয়ক সেবার উন্নয়ন সাধন করেছে। ভৈরব উপজেলা পরিষদের উপর গবেষণায় দেখা যায়, উপজেলা পরিকল্পনা ও বাজেট প্রণয়নের ক্ষেত্রে আইন অনুযায়ী আলোচনার অভাব রয়েছে। এছাড়া তহবিল সংগ্রহ ও জমা সংক্রান্ত তথ্য নিয়ে যে বার্ষিক নিরীক্ষা ফলাফল রয়েছে সেটি পরিষদ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপজেলা পরিষদের কাছে বিস্তারিতভাবে উপস্থাপন করেন না। যেমন- ৩০ লাখ টাকার যে ভূমি কর আদায় করা হয়নি এবং ঘাট ইজারা দেয়ার মাধ্যমে অর্জিত প্রায় ২০ লাখ টাকা যে ইউজেডপি উন্নয়ন তহবিলে জমা হয়নি সে সংক্রান্ত তথ্য উপজেলা পরিষদের কাছে নেই। জলমহল বা বিল ইজারা সংক্রান্ত অর্থ তহবিল, হাট-বাজার ও খাস জমি থেকে সংগৃহীত তহবিল এবং হাট-বাজার ইজারার মাধ্যমে অর্জিত ১ ভাগ কর সরকারি তহবিলে জমা দেয়ার ক্ষেত্রেও অনিয়ম দেখা যায়। ইউএসএআইডিয়ের অর্থায়নে পরিচালিত গণতান্ত্রিক স্থানীয় শাসনব্যবস্থা শক্তিশালীকরণ (এসডিএলজি) প্রকল্পের নীতিগত এডভোকেসি ও মাঠ পর্যায়ের গবেষণার সাথে জড়িত ছিল ‘উন্নয়ন সমন্বয়’। প্রকল্পটির মূল উদ্দেশ্য হল স্থানীয় সরকার পরিষদকে আরও কার্যকরী, গণতান্ত্রিক, জেন্ডার সেনসিটিভ এবং দায়বদ্ধ শাসন প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার জন্য আর্থিক ব্যবস্থাপনা, অংশগ্রহণমূলক পরিকল্পনা ও বাজেট প্রণয়ন এবং সেবা প্রদানের উপর প্রশিক্ষণ প্রদান করা। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয়, স্বাস্থ্য, কৃষি এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, ভৈরব উপজেলা পরিষদ, অভ্যন্তরীণ দাতা সংস্থা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।