‘মানব পাচার রোধে চাই আইনের পূর্ণ বাস্তবায়ন’

আপডেট : ২৬ জুন ২০১৪, ২২:০০
গত দেড় বছরে প্রায় দুই হাজার বাংলাদেশি পাচারের শিকার হয়েছেন। মানব পাচার প্রতিরোধে এবং পাচারের শিকার ব্যক্তির অধিকার প্রতিষ্ঠায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইন এর পরিপূর্ণ বাস্তবায়ন প্রয়োজন। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বৃহস্পতিবার উইনরক্ ইন্টারন্যাশনাল আয়োজিত সাংবাদিক সম্মেলনে বক্তারা এসব কথা বলেন। স্বেচ্ছাসেবকদের নিয়ে গঠিত পিয়ার লিডারদের নেটওয়ার্কের প্রতিনিধি এবং পাচারের শিকার ব্যক্তির সমন্বয়ে গঠিত অনির্বানের প্রতিনিধিরা তাদের অভিজ্ঞতা তুলে ধরেন। পুলিশ মনিটরিং সেলের তথ্য তুলে ধরে তারা বলেন, ২০১৩ সালে মানব পাচারের ঘটনায় মোট ৩৭৭টি মামলা হয়েছিল এবং ১৩৪৩ জন পাচারের শিকার হয়েছিল। তার মধ্যে ১১২৫ জন উদ্ধার হয়েছেন। ২০১৪ সালের মে মাস পর্যন্ত মোট ১৯১টি মামলা হয়েছে এবং ৭৮০ জন মানব পাচারের শিকার হয়েছেন। তার মধ্যে ৬৯৩ জন উদ্ধার হয়েছেন। মানব পাচার প্রতিরোধের প্রচেষ্টাকে সম্মিলিতভাবে সমন্বয় করতে উইনরক্/এসিটি প্রোগ্রামের তত্ত্বাবধানে বাংলাদেশের ২৫টি জেলায় পিয়ার লিডার ও সারভাইভার ভয়েস (অনির্বান) সদস্যরা সমপ্রতি দুইদিনব্যাপী একটি জাতীয় সম্মেলন করেন।