জামায়াতের আমীর মতিউর রহমান নিজামীর স্বাস্থ্য বিষয়ক প্রতিবেদন যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে দাখিল করেছে কারা কর্তৃপক্ষ। ট্রাইব্যুনালের নির্দেশ মোতাবেক গতকাল বৃহস্পতিবার এ প্রতিবেদন দাখিল করা হয়। প্রতিবেদনে বলা হয়েছে, নিজামীর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। পুরোপুরি সুস্থতা ফিরে পেতে তাকে আরো কয়েকদিন কারা হাসপাতালে রাখতে হবে।
অসুস্থতার কারণে গত মঙ্গলবার নিজামীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা করতে পারেনি যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল-১। বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল মামলাটি পুনরায় রায়ের জন্য অপেক্ষমাণ রাখেন। একই সঙ্গে নিজামীর শারীরিক অবস্থার প্রতিবেদন ট্রাইব্যুনালে দাখিল করতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেন। এর পরিপ্রেক্ষিতে কারা কর্তৃপক্ষ নিজামীর স্বাস্থ্য বিষয়ক প্রতিবেদন ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে জমা দেন। প্রতিবেদন প্রসঙ্গে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ফরমান আলী ইত্তেফাককে বলেন, মতিউর রহমান নিজামীর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। তাকে কারা হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। দফায় দফায় চিকিত্সকরা তার স্বাস্থ্য পরীক্ষা করছেন। পুরোপুরি সুস্থতা ফিরে পেতে তাকে আরো কয়েকদিন হাসপাতালে থাকতে হবে বলে চিকিত্সকরা আমাকে জানিয়েছেন।
একাত্তরে মুক্তিযুদ্ধের সময় হত্যা, লুট, ধর্ষণ, উস্কানি ও সহায়তা, পরিকল্পনা ও ষড়যন্ত্র এবং বুদ্ধিজীবী হত্যার মতো ১৬টি অভিযোগে নিজামীর বিরুদ্ধে বিচার কাজ শেষ হয়েছে। নিজামীর মামলায় দ্বিতীয় দফা যুক্তিতর্ক শেষে গত ২৪ মার্চ রায় ঘোষণা অপেক্ষমাণ রাখেন ট্রাইব্যুনাল। এর আগে সাবেক চেয়ারম্যান বিচারপতি এটিএম ফজলে কবীরের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-১ গত বছরের ১৩ নভেম্বর নিজামীর মামলার কার্যক্রম শেষে রায় ঘোষণা অপেক্ষমাণ রেখেছিলেন।
