যশোরে তেল ব্যবসায়ীকে শ্বাসরোধ করে হত্যা

আপডেট : ২৬ জুন ২০১৪, ২২:৪৬
যশোর সদর উপজেলার রামনগরে সুশান্ত কুন্ডু (৫৫) নামে এক ভোজ্যতেল ব্যবসায়ীকে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত সুশান্ত সদর উপজেলার হৈবত্পুর এলাকার মৃত ভগিরথ কুন্ডুর ছেলে। তিনি রামনগর ইউনিয়নের রাজারহাটের রিয়াজুলের বাড়িতে ভাড়া থাকতেন এবং একটি ভোজ্যতেল মিল ভাড়া নিয়ে ব্যবসা করতেন। বৃহস্পতিবার ভোরে রাজারহাটে রিয়াজুলের বাড়িতে এ হত্যাকাণ্ড ঘটে। দুর্বৃত্তরা ওই ব্যবসায়ীকে হত্যার পর তার বাড়ির আসবাবপত্র তছনছ ও কিছু মালামাল লুট করেছে বলে প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে। সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত সুশান্তের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। যশোর কোতোয়ালী মডেল থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম জানান, ঘটনার রাতে ওই বাড়িতে সুশান্ত একা ছিলেন। পারিবারিক কলহের জের ধরে দুই মাস আগে সুশান্ত তার স্ত্রীকে শ্বশুরবাড়ি পাঠিয়ে দেন। এ নিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। নারী ঘটিত ব্যাপারে এক প্রতিবেশির সঙ্গেও সুশান্তর বিরোধ ছিল। রিজিয়া বেগম নামের ওই নারীকে আটক করেছে পুলিশ। তবে এসব কারণে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, নাকি ডাকাতিকালে বাধা দেয়ায় তাকে হত্যা করা হয়েছে- তা খতিয়ে দেখছে পুলিশ।