শেরপুরের নকলা, মাদারীপুর সদর ও ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় গতকাল বৃহস্পতিবার নির্বাচন অনুষ্ঠিত হয়। দুইটি উপজেলায় ১৯ দল সমর্থিত প্রার্থীরা নির্বাচন বর্জনের ঘোষণা দেন। এ রিপোর্ট লেখার সময় ভোট গণনা চলছিল।
আমাদের শেরপুর প্রতিনিধি জানান, নকলা উপজেলায় সকালের দিকে বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল খুবই কম। দুই-একজন করে ভোটার কেন্দ্রে হাজির হন। তারপর ভোট দিয়ে চলে যান।
মাদারীপুর প্রতিনিধি জানান, দুপুরে ১৯ দলীয় চেয়ারম্যান প্রার্থী কাজী আবুল বাসার (দোয়াত কলম) ও মহিলা ভাইস চেয়ারম্যান তানিয়া সুলতানা (কলস) চরমুগরিয়াস্থ বিএনপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নানা অনিয়মের কথা উল্লেখ করে নির্বাচন প্রত্যাখ্যানের ঘোষণা দেন।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জানান, বাঞ্ছারামপুর উপজেলায় ভোট কেন্দ্র দখল ও এজেন্টদের মারধরের অভিযোগ এনে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মাহাবুব হাসান বাবু। দুপুর ১২টায় উপজেলা পরিষদে এ ঘোষণা দিয়ে তিনি বলেন, সকাল ১১টার পর উপজেলার ৮৩টি ভোট কেন্দ্রের মধ্যে ৪২টিতেই ব্যাপক ভোট কারচুপি হয়।
