কুমিল্লা-সিলেট মহাসড়কের বেহাল দশা

আপডেট : ২৭ জুন ২০১৪, ২১:০৯
কুমিল্লা-সিলেট মহাসড়কের কুমিল্লা অংশের বিভিন্ন স্থানে ছোট-বড় গর্তে খানা-খন্দের সৃষ্টি হয়েছে। এতে জেলার বুড়িচং উপজেলার কংশনগর থেকে দেবিদ্বার নিউমার্কেট পর্যন্ত সড়কটি যেন মরণ ফাঁদে পরিণত হয়েছে। এ মহাসড়কে প্রতিদিন অসংখ্য যাত্রীবাহী ও মালবাহী গাড়ি জীবনঝুঁকি নিয়ে চলাচল করতে গিয়ে কোন না কোন স্থানে দুর্ঘটনার শিকার হচ্ছে। কুমিল্লা-সিলেট মহাসড়কের জেলার বুড়িচংয়ের কংশনগর থেকে দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ, কালিকাপুর, বেগমাবাদ, বাড়েরা, বানিয়াপাড়া পর্যন্ত প্রায় ৮-১০ কিলোমিটার সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গভীর গর্তের সৃষ্টি হয়েছে। টানা বর্ষণের কারণে এসব গর্তে পানি জমে ছোট-বড় ট্রাক, বাস, সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারী চালিত অটোসহ অন্যান্য যানবাহন প্রায়ই দুর্ঘটনার কবলে পড়ে যানজটের সৃষ্টি হচ্ছে। ফলে যানজট ও জলজটের কবলে পড়ে যাত্রীদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। এসব ঝুঁকিপূর্ণ গর্ত ও খানা-খন্দের মধ্য দিয়েই প্রতিদিন শত শত যানবাহনে যাত্রী ও ট্রাকে মালামাল পরিবহন করা হচ্ছে। সড়ক ও জনপথ (সওজ) কুমিল্লার নির্বাহী প্রকৌশলী আবদুর রহিম জানান, মহাসড়কের ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে সহসাই স্থায়ীভাবে সংস্কার কাজ করা হবে।