প্রাইমার্কের বিরুদ্ধে অমানবিক শ্রম ব্যবস্থায় গার্মেন্ট পণ্য তৈরির অভিযোগ

আপডেট : ২৭ জুন ২০১৪, ২১:৩৯
বাংলাদেশসহ বুলগেরিয়া, কম্বোডিয়া এবং ক্রোশিয়ায় ব্রিটেন ও আয়ারল্যান্ডের পোশাক বিক্রেতা প্রাইমার্কের অমানবিক শ্রম শোষণের প্রমাণ মিলেছে। এমন চাঞ্চল্যকর তথ্যই দিয়েছে বিশ্বব্যাপি গার্মেন্টস শ্রমিকদের অধিকার আদায়ে সোচ্চার নেদারল্যান্ডভিত্তিক ‘ক্লিন ক্লথস ক্যাম্পেইন’। গত ২৬ জুন প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সে কথাই বলা হয়েছে। কানাডা থেকে প্রকাশিত দ্য বেঙ্গলি টাইমস থেকে জানা যায়, ‘ক্লিন ক্লথস ক্যাম্পেইন’ তাদের ঐ সংবাদ প্রচারণায় বলেছে, গত কয়েক সপ্তাহে প্রাইমার্কসহ নামিদামি বেশ কয়েকটি পোশাক বিক্রেতার বিরুদ্ধে অমানবিক শ্রম ব্যবস্থায় গার্মেন্টস পণ্য তৈরির অভিযোগ উঠে এসেছে। তাতে সুনির্দিষ্টভাবে দীর্ঘ কর্মঘন্টা (লং আওয়ার্স), স্বল্প মজুরি ও অনিরাপদ কর্ম পরিবেশ (আনসেফ ওয়ার্কিং কন্ডিশন্স) প্রতিফলিত। ‘ক্লিন ক্লথস ক্যাম্পেইন’-এর ‘টেইলর্ড ওয়েজেস অ্যান্ড স্টিচড্ আপ’ প্রতিবেদনে সে কথাই প্রকাশিত। বলা হয়েছে, জীবন চলার উপযোগী নয় এমন উদ্বেগজনক যথেচ্ছ মজুরির বিনিময়ে বাংলাদেশ, বুলগেরিয়া, কম্বোডিয়া ও ক্রোশিয়ায় পোশাক উত্পন্ন হয়ে থাকে। তাই প্রাইমার্কসহ অপরাপর পোশাক বিক্রেতার প্রতি পণ্য জোগানে এমন অমানবিক শ্রম শোষণ অচিরে বন্ধের পাশাপাশি পণ্য উত্পাদক শ্রমিকের জীবন চলার উপযোগী ও মানসম্মত কর্মপরিবেশ নিশ্চিতের আহবান জানান হয়। তাতে বলা হয়েছে, শ্রমিকদের জীবনমান উপযোগী পরিবেশ নিশ্চিতের স্বার্থে একটি টি-সার্টের জন্য প্রাইমার্কের মতো প্রতিষ্ঠানের মার্কিন মুদ্রায় ২৫ সেন্ট বা বাংলাদেশি মুদ্রায় ২১ দশমিক ২৫ টাকার কাছাকাছি প্রদান করা আবশ্যক। কেননা পাশ্চাত্য বিশ্বে ক্রেতা বা ভোক্তারা অন্যের জীবন ঝুকির মুখে ফেলে স্বল্পমূল্যে পোশাক কেনায় মোটেও আগ্রহী নয়।