যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রায় ৯ হাজার কোটি টাকা ব্যয়ে কর্ণফুলী নদীর তলদেশে টানেল নির্মাণ আগামী জানুয়ারি থেকে শুরু হবে। ইতিমধ্যে চায়না কনস্ট্রাকশন কোম্পানি ও অরূপ নামে ২টি প্রতিষ্ঠানের মাধ্যমে প্রকল্পের সম্ভাব্যতা যাচাই করা হয়েছে। ২০১৮ সালে টানেল নির্মাণ শেষ হবে। টানেলটি একই সাথে ন্যাশনাল হাইওয়ে ও এশিয়ান হাইওয়ের সঙ্গে যুক্ত থাকবে। নগরীর পতেঙ্গায় গতকাল শুক্রবার টানেল নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
টানেল নির্মিত হলে নগরীতে যানজট সমস্যা লাঘব হবে উল্লেখ করে তিনি বলেন, এর মাধ্যমে চট্টগ্রামের জন্য সমৃদ্ধির দ্বার খুলে যাবে। পরিদর্শনকালে মন্ত্রীর সাথে ছিলেন—ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্থানীয় সংসদ সদস্য এমএ লতিফ, রেল মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ফজলে করিম চৌধুরী, সংসদ সদস্য দিদারুল আলম, সিডিএ চেয়ারম্যান আবদুস ছালাম, জেলা প্রশাসক মেজবাহ উদ্দীন প্রমুখ।
