চট্টগ্রামে হত্যা মামলায় কারাগারে কাউন্সিলর

আপডেট : ২৮ মে ২০১৯, ২১:৫২

চট্টগ্রাম অফিস

চট্টগ্রামে আওয়ামী লীগ নেতা মহিউদ্দিন সোহেল ‘গণপিটুনিতে নিহত হওয়ার’ অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি সাবের আহমেদকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ আকবর হোসেন মৃধার আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। গ্রেফতারকৃত সাবের সিটি করপোরেশনের স্থানীয় কাউন্সিলর।

এর আগে ওই মামলায় হাইকোর্ট থেকে জামিন নিয়েছিলেন সাবের আহমদ। মঙ্গলবার সকাল ১১টার দিকে আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করেন এবং তার আইনজীবীরা ফের জামিনের আবেদন করেন। শুনানিতে বাদীপক্ষের আইনজীবী জামিনের বিরোধিতা করেন। পরে আদালত সাবের আহমদকে কারাগারে পাঠানোর আদেশ দেন। বলে জানিয়েছেন মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. ফখরুদ্দীন চৌধুরী।

গত ৭ জানুয়ারি পাহাড়তলী বাজারে এলোপাতাড়ি হামলায় সাবেক ছাত্রলীগ নেতা মহিউদ্দিন নিহত হন। তখন স্থানীয় কিছু ব্যবসায়ী ও পুলিশের পক্ষ থেকে মহিউদ্দিনকে ‘সন্ত্রাসী ও চাঁদাবাজ’ দাবি করা হয়। পরে ৮ জানুয়ারি  এক সংবাদ সম্মেলনে তার পরিবার দাবি করে, মহিউদ্দিনক পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।