নির্বাচনের জন্য ২০১৯ সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে ------- মোহাম্মদ নাসিম

আপডেট : ২৭ জুন ২০১৪, ২২:১৯
স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা মন্ত্রী আলহাজ্ব মোহাম্মদ নাসিম এমপি বলেছেন, ৫ জানুয়ারির নির্বাচন না হলে বর্তমান সংসদ বসতো না, বাজেট হতো না, আমরা মন্ত্রী-এমপি হতে পারতাম না। দেশে অসাংবিধানিক স্বৈরশাসন জারি হত। জামায়াতের সহিংসতার ওপর ভর করে খালেদা চেয়েছিল‘ নির্বাচন বানচাল করে আওয়ামী লীগ সরকারকে সাংবিধানিক সংকটে ফেলবে। কিন্তু শেখ হাসিনা তা হতে দেননি, সকল হুমকি উপেক্ষা করে মৃত্যু ঝুঁকি নিয়ে নির্বাচন সম্পন্ন করেছেন, সাংবিধানিক ধারা বজায় রেখেছেন। গতকাল শুক্রবার বিকালে সিরাজগঞ্জের শাহজাদপুরে ২০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হাসিবুর রহমান স্বপন সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত গণ-সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এ কথাগুলো বলেন। তিনি বলেন, বেগম খালেদা জিয়া ও তার সহচরেরা ঈদের পরে সরকার পতনের আন্দোলনের যে হুমকি দিচ্ছেন, সেই ঈদ এদেশে আর কোনদিন আসবে না। তিনি নির্বাচনের ট্রেন মিস করেছেন, এখন ২০১৯ সালের নির্বাচন পর্যন্ত বিএনপিকে অপেক্ষা করতে হবে। শাহজাদপুর সরকারি কলেজ মাঠে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের জাতীয় সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুবলীগ কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. সাজ্জাদ হায়দার লিটন, শাহজাদপুর উপজেলা চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোস্তাক আহম্মেদ ও মহিলা ভাইস চেয়ারম্যান এলিজা খান।