বাংলাদেশ বিমান বাহিনীর ৬৯তম ফ্লাইট ক্যাডেট কোর্সের কমিশন পাওয়া উপলক্ষে গ্রীষ্মকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ গত বৃহস্পতিবার যশোরে বিএএফ একাডেমির প্যারেড স্কোয়ারে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল মোহাম্মদ ইনামুল বারী। তিনি ফ্লাইট ক্যাডেটদের মাঝে পদক, সনদপত্র এবং ফ্লাইং ব্যাজ বিতরণ করেন।
ফ্লাইট ক্যাডেট উইং আন্ডার অফিসার আলী আশরাফ তুষার ৬৯তম ফ্লাইট ক্যাডেট কোর্সে সেরা চৌকস কৃতিত্বের জন্য ‘সোর্ড অব অনার’ লাভ করেন। উড্ডয়ন প্রশিক্ষণে সেরা কৃতিত্বের জন্যও তিনি লাভ করেন ‘বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ট্রফি’। এছাড়া ফ্লাইট ক্যাডেট এস কে এম নওরোজ-বিন-জাহাঙ্গীর সিজান জেনারেল সার্ভিস প্রশিক্ষণে সেরা কৃতিত্বের জন্য ‘কমান্ড্যান্ট ট্রফি’ লাভ করেন। ৬৯তম ফ্লাইট ক্যাডেট কোর্স (গ্রাউন্ড ব্রাঞ্চ)-এ সেরা কৃতিত্বের জন্য ফ্লাইট ক্যাডেট খন্দকার সামী সউদ স্বর্নব লাভ করেন ‘বিমান বাহিনী প্রধান’-এর ট্রফি। অপরদিকে সামার টার্মে ২ নং স্কোয়াড্রন চ্যাম্পিয়ন বিবেচিত হয়ে একাডেমি পতাকা লাভ করে। অনুষ্ঠানে বাংলাদেশ নৌবাহিনীর ২ কর্মকর্তাকে বিমান বাহিনী একাডেমি থেকে উড্ডয়ন প্রশিক্ষণ শেষে ফ্লাইং ব্যাজ প্রদান করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি বলেন, বিমান বাহিনী একাডেমি থেকে যে মৌলিক প্রশিক্ষণ দেয়া হয়েছে তা যথাযথ অনুশীলন ও প্রয়োগের মাধ্যমে পেশাগত মান উন্নয়নের জন্য সদা সচেষ্ট থাকতে হবে। এই কুচকাওয়াজ অনুষ্ঠানে ৩ মহিলা ক্যাডেটসহ মোট ৩৪ জন ফ্লাইট ক্যাডেট কমিশন লাভ করে। কুচকাওয়াজ শেষে বিমান বাহিনী একাডেমির সকল প্রশিক্ষণ বিমানের সমন্বয়ে আকর্ষণীয় ফ্লাইপাস্ট অনুষ্ঠিত হয়। —আইএসপিআর
