ডুমুরিয়ায় বাগদা চিংড়ি চাষ প্রকল্প পরিদর্শন নেদারল্যান্ড রাষ্ট্রদূতের

আপডেট : ২৭ জুন ২০১৪, ২২:২০
বাংলাদেশস্থ নেদারল্যান্ডের রাষ্ট্রদূত গারবেন ডি জাং বৃহস্পতিবার দুপুর উপজেলার বয়ারসিং এলাকার তার সরকারের অর্থায়নে ‘সফল’ নামের বাগদা চিংড়ি চাষ প্রকল্প পরিদর্শন ও খামারিদের সাথে মতবিনিমিয় করেন। বে-সরকারি সংস্থা সলিডারিডাড, উত্তরণ ও জাগরণী চক্র নামের সংস্থা প্রকল্পটি বাস্তবায়নের জন্য এ বছর কাজ শুরু করেছে। সংস্থার পক্ষ থেকে মডেল হিসেবে এলাকায় একটি চিংড়ি খামার তৈরি করা হয়। বয়ারসিং বাগদা চিংড়ি চাষ প্রকল্পের আওতায় ১৬ জন মহিলা এবং ৪৫ জন পুরুষ সমন্বয়ে একটি দল গঠন করা হয়। তৈরি করা মডেল দেখে খামারিরা প্রত্যেকে একটি করে চিংড়ি খামার তৈরি করেছেন। রাষ্ট্রদূত বাগদা চিংড়ি উত্পাদনে খামারে সমস্যার কথা খামারিদের মুখ থেকে দোভাষীর মাধ্যমে শোনেন। খামারিরা আরো উন্নত মানের প্রশিক্ষণ পেলে অধিক চিংড়ি চাষ করে লাভবান হবেন বলে রাষ্ট্রদূতের কাছে তুলে ধরেন। এরপর রাষ্ট্রদুত সংস্থার তৈরি মডেল খামার পরিদর্শন করেন। তিনি উক্ত খামারে উত্পাদিত বাগদা চিংড়ি দেখে সন্তোষ প্রকাশ এবং আরো উন্নত প্রশিক্ষণের আশ্বাস দেন। চিংড়ি খামারিদের ধৈর্য্যের সাথে প্রশিক্ষণ নিয়ে তা কাজে লাগানো আহবান জানান। তবেই বাগদা চিংড়ি চাষে সফলতা পাওয়া যাবে বলে তিনি মন্তব্য করেন। এ সময় তার সাথে নেদারল্যান্ড সরকারের অর্থায়নে বাংলাদেশের পানি সম্পদের সাথে সংযুক্ত সংস্থা ব্লু গোল্ডের পরিচালক ডিক স্মিত, সিনিয়র এ্যাডভাইজার এটিএম খালেদুজ্জামান, সলিডারিডাডের কান্ট্রি ম্যানেজার সেলিম রেজা হাসান, ইন্দ্র ভূষণ রায়, উত্তরণ সংস্থার পরিচালক শহিদুল ইসলাম, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও চিংড়ি খামারিরাসহ স্থানীয় সুধী মন্ডলী উপস্থিত ছিলেন।