সাতকানিয়া-বাঁশখালী সড়কে গণছিনতাই

আপডেট : ২৭ জুন ২০১৪, ২২:২০
চট্টগ্রামের সাতকানিয়া-বাঁশখালী সড়কে ছিনতাইকারীর কবলে পড়ে সর্বস্ব হারিয়েছেন ৬ সিএনজিচালিত অটোরিক্সার ৩০ যাত্রী। ছিনতাইকারীরা সড়কের উপর ট্রাক দিয়ে গতিরোধ করে এ সড়কে চলাচলরত সিএনজিচালিত অটোরিক্সা লাইন ধরিয়ে গণছিনতাই করে। ছিনতাইকারীদের হামলায় গুরুতর আহত এক যাত্রীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনা গত বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টায় সাতকানিয়া-বাঁশখালী সড়কে কাঞ্চনা ইউনিয়নের কাজীর মসজিদ এলাকায়। বৃহস্পতিবার প্রতি সপ্তাহের ন্যায় চট্টগ্রাম শহর থেকে সিএনজিচালিত অটোরিক্সাযোগে সাতকানিয়ার বিভিন্ন এলাকার ব্যবসায়ীরা বাড়ি আসছিলেন। তাদের অটোরিক্সা কাজীর মসজিদ এলাকায় পৌঁছলে সড়কের উপর ট্রাক দেখে চালক গাড়ি থামায়। এ সময় চতুর্দিক থেকে ২০/২৫জন অস্ত্রধারী ও মুখোশ পরিহিত ছিনতাইকারী যাত্রীদের সর্বস্ব ছিনিয়ে নিয়ে যায়। তাদের সবার হাতে লম্বা বন্দুক, এলজি ও লম্বা দা ছিল বলে ছিনতাইয়ের শিকার যাত্রীরা জানান। এ সময় সিএনজি অটোরিক্সার দীর্ঘ লাইন পড়ে যায়। ছিনতাইকারীরা ছয়টি গাড়ির যাত্রীদের নগদ অর্থসহ মালামাল ছিনতাই করে । মালামাল দিতে গড়িমসি করায় ছিনতাইকারীরা অনেক যাত্রীকে মেরে আহত করে। আহতরা হলেন আবদুল মোমেন (২৪), মনির আহমদ (৪৬), আহমদ কবির (৩৬), আবুল হাশেম (৩৫) ও কামাল হোসেন (২৮)। এদের মধ্যে গুরুতর আহত মনির আহমদকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। যাত্রীদের ছিনতাইকৃত অর্থ ও মালামালের সঠিক হিসাব পাওয়া না গেলেও একটি অটোরিক্সার আহত যাত্রী আবদুল মোমেন জানান, শুধু তাদের গাড়ির যাত্রীদের কাছ থেকেই ছিনতাইকারীরা ৫টি মোবাইল সেট ও নগদ আড়াই লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে যায়। সাতকানিয়া থানায় সেকেন্ড অফিসার নাজমুল আলমের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি।