বরগুনায় ১৫০টি রিকশা বিতরণ করলো জাগো নারী

আপডেট : ২৮ জুন ২০১৪, ২১:১০
বরগুনা সদর ও বেতাগী উপজেলার সিডর, আইলা ও মহাসেনে ক্ষতিগ্রস্ত বিভিন্ন হতদরিদ্র পরিবারের মাঝে ১৫০টি রিকশা বিতরণ করেছে উন্নয়ন সংগঠন জাগো নারী। চলতি বছর জুলাই মাসের মধ্যে এসব দরিদ্র পরিবারের মাঝে আরও ১০৫টি ভ্যান এবং ৮৮টি সেলাই মেশিন বিতরণ করা হবে বলে জানা গেছে। শনিবার সকালে বরগুনার খাজুরতলা গ্রামে জাগো নারীর রি-কল প্রকল্প আয়োজিত এক অনুষ্ঠানে এসব রিকশা বিতরণ করা হয়। অনুষ্ঠানে জাগো নারীর প্রধান নির্বাহী হোসনে আরা হাসির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোহাম্মদ ভূঁইয়া। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বরগুনা প্রেসক্লাবের সভাপতি আব্দুল আলীম হিমু এবং সাধারণ সম্পাদক সোহেল হাফিজ। খোঁজ নিয়ে জানা গেছে, একের পর এক দুর্যোগের কবলে পড়ে ভিটেমাটি ও সহায়-সম্বল হারিয়ে একসময় নিঃস্ব হয়ে পড়া এসব পরিবারের পাশে এসে দাঁড়ায় স্থানীয় উন্নয়ন সংগঠন জাগো নারী। দুর্যোগপ্রবণ বরগুনার স্থানীয় উন্নয়ন সংগঠন জাগো নারীর এ প্রচেষ্টা এবং নারী-পুরুষ নির্বিশেষে স্থানীয় অধিবাসীদের অদম্য আগ্রহ ও নিরবচ্ছিন্ন পরিশ্রমের কথা জানতে পেরে এসময় এক এক করে এসব হতদরিদ্র পরিবারের পাশে এসে দাঁড়ায় দাতা সংস্থা অক্সফাম, সিঁড়ি এবং ডিএফআইডি। এসব দাতা সংস্থার সহযোগিতায় গত তিন বছরে বরগুনা সদর ও বেতাগী উপজেলার সাড়ে তিন হাজার পরিবারের মাঝে গরু, ছাগল, হাঁস-মুরগি, রিকশা, ভ্যান, সেলাই মেশিন ও ক্ষুদ্র ব্যবসার জন্য নগদ অর্থ সহায়তা দেয়া হয়।