পিরোজপুর অফিস ও শরণখোলা (বাগেরহাট) সংবাদদাতা
পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জে হরিণের মাংসসহ এক চোরাশিকারিকে আটক করা হয়েছে। আটক শিকারীকে মঙ্গলবার সকালে বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে। এদিকে হরিণ শিকার রোধে পূর্ব সুন্দরবনে রেড এলার্ট জারি ও বন বিভাগের সকল ছুটি বাতিল ঘোষণা করা হয়েছে।
বন বিভাগ সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় সুন্দরবনের শরণখোলা রেঞ্জের তেতুলবাড়িয়া এলাকায় ফাঁদ পেতে হরিণ শিকারের সময় গোপন সংবাদের ভিত্তিতে শরণখোলা স্টেশন কর্মকর্তা সামসুল আলমের নেতৃত্বে বনরক্ষীরা অভিযান চালিয়ে একটি ডিঙ্গি নৌকাসহ এক চোরাশিকারীকে আটক করে। আটক শিকারীর নাম বাদশা শিকদার। ওই সময় আরো দুই শিকারি বনের মধ্যে পালিয়ে যায়। বনরক্ষীরা ডিঙ্গি নৌকায় তল্লাশি চালিয়ে আট কেজি হরিণের মাংস ও প্রায় ২শ ফুট হরিণ ধরা ফাঁদ জব্দ করে।
পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের এসিএফ জয়নাল আবেদীন জানান, সুন্দরবনে হরিণ শিকার ও বনজসম্পদ পাচার রোধে সুন্দরবনে রেড এলার্ট জারিসহ বন বিভাগের সকল ছুটি বাতিল ঘোষণা করা হয়েছে। বন বিভাগের নজরদারি ও টহল বাড়ানো হয়েছে।
