কোম্পানীগঞ্জে নদীতে ভাসছে ২ জলদস্যুর লাশ

আপডেট : ২৮ জুন ২০১৪, ২১:১৮
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়নের ক্লোজার ঘাটে ২ জলদস্যুর উলঙ্গ লাশ নদীতে ভাসতে দেখা গেছে। জানা যায়, উপজেলার চরএলাহীর চরবালুয়া ক্লোজার ঘাট এলাকায় গত শুক্রবার রাতে ২ জলদস্যুর হাত-পা বাঁঁধা ও গলায় রশি লাগানো অবস্থায় উলঙ্গ ক্ষত-বিক্ষত লাশ ভাসতে দেখা যায়। লাশগুলো ফুলে দুর্গন্ধ ছড়াচ্ছে। লাশ দেখার জন্য নদীর কিনারে উপজেলা সদর থেকে শত শত নারী-পুরুষ ভিড় জমায়। পুলিশকে জানানো হলেও পুলিশ লাশের কোন সত্যতা স্বীকার করেনি। লাশগুলো হলো: উড়িরচরের মোঃ জাবেদ প্রকাশ ছোট জাবেদ (৩০) ও চরএলাহী ইউনিয়নের চরবালুয়া গ্রামের আজম মাঝির ছেলে মোঃ রাসেল (৩৫)। জলদস্যু হওয়ায় স্থানীয়রা উদ্ধার না করে লাশগুলো নদীর পাড় থেকে ইট-পাটকেল নিক্ষেপ করে অন্যত্র সরিয়ে দেয়। রাসেল চাপরাশিরহাট বাজারের মাছের আড়ত্দার মোঃ হাজারীর উড়িরচরের খামারে দীর্ঘদিন গরু-মহিষ পালনের দায়িত্বে ছিল। এদের অত্যাচারে চরএলাহী ও উড়িরচরের খামারী মালিকরা অতিষ্ঠ ছিল। এ ব্যাপারে স্থানীয় আ.লীগ নেতা আবদুর রাজ্জাক এ প্রতিবেদককে জানান, দুই জলদস্যুর লাশ নদীতে ভাসার খরব সত্য। অপরদিকে কোম্পানীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সাজেদুর রহমান (সাজিদ) জানান, নদীতে লাশ ভাসার খবর আমরা পাইনি।