বাংলাদেশ সর্বসম্মতভাবে এশিয়া অঞ্চল থেকে কমনওয়েলথ ইলেকটোরাল নেটওয়ার্ক স্টিয়ারিং কমিটির সদস্য নির্বাচিত হয়েছে। কমনওয়েলথ ইলেকটোরাল নেটওয়ার্কের আট সদস্যের স্টিয়ারিং কমিটির অন্য সাতজন সদস্য সাতটি অঞ্চল হতে নির্বাচিত হয়েছেন। পরবর্তীতে দ্বি-বার্ষিক সম্মেলন যে দেশে অনুষ্ঠিত হবে সে দেশের নির্বাচন কমিশনের প্রধান এ সংস্থার পরবর্তী চেয়ারম্যান নির্বাচিত হবেন।
গত ২৩-২৪ জুন ২০১৪ কেনিয়ার রাজধানী নাইরোবিতে কমনওয়েলথ ইলেকটোরাল নেটওয়ার্ক-এর তৃতীয় দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ নির্বাচন কমিশন বাংলাদেশ-এর পক্ষে সম্মেলনে অংশগ্রহণ করেন। কমনওয়েলথ সদস্য দেশসমূহের মধ্যে ৪৮টি দেশের ইলেকশন ম্যানেজমেন্ট বডির প্রতিনিধিবৃন্দ সম্মেলনে যোগদান করেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, কমনওয়েলথ দেশসমূহের মধ্যে নির্বাচন ব্যবস্থা বিষয়ে অভিজ্ঞতা বিনিময়, কারিগরি সহায়তা প্রদান, সুষ্ঠু ও অবাধ নির্বাচন ব্যবস্থাপনায় পারস্পরিক সহযোগিতা প্রদানের লক্ষ্যে ঘানার আক্রাতে ২০১০ সনে অনুষ্ঠিত সম্মেলনের মাধ্যমে কমনওয়েলথ নেটওয়ার্ক প্রতিষ্ঠিত হয়। এর আগে ত্রিনিদাদ ও টোবাগোতে ২০০৯ সালে কমনওয়েলথ সদস্য দেশসমূহের সরকার প্রধানদের সম্মেলনে এ নেটওয়ার্ক প্রতিষ্ঠার আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়। কানাডার টরেন্টোতে ২০১২ সালে সংস্থাটির দ্বিতীয় দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
