চার লাখ টাকার চোরাই মাল উদ্ধার গ্রেফতার ৩

আপডেট : ২৮ জুন ২০১৪, ২১:৪৫
রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে চুরির অভিযোগে নারীসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- রুবেল হোসেন (২৪), শামসুল আলম (৪০) ও ইয়াসমিন বেগম (৪০)। গত শুক্রবার তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে চোরাই স্বর্ণালংকার, ল্যাপটপ ও মোবাইল উদ্ধার করা হয়। এছাড়াও গ্রিলকাটা তিনটি শাবল, দুইটি রেঞ্জসহ চুরির কাজে ব্যবহূত সরঞ্জামাদি জব্দ করে পুলিশ। পুলিশ বলছে, গ্রেফতারকৃতরা আন্তঃজেলা চোর চক্রের সদস্য। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সামনে গ্রেফতারকৃতদের হাজির করা হয়। যাত্রাবাড়ী থানার অপারেশন অফিসার ইমরানুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এসআই প্রদীপ কুমারের নেতৃত্বে পুলিশের একটি দল দনিয়ার ৭১ নম্বর রসুলপুরের একটি বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এসময় ঐ বাসায় তল্লাশি করে ১১ ভরি স্বর্ণালঙ্কার, ২২টি মোবাইল ফোনসেট, দুটি ল্যাপটপ, দুটি ডিজিটাল ক্যামেরা, দুটি ডিভিডি প্লেয়ার এবং বিপুল পরিমাণ ইমিটেশনের গহনা উদ্ধার করা হয়। তিনি বলেন, যেসব মালামাল উদ্ধার করা হয়েছে তার বাজার মূল্য আনুমানিক চার লাখ টাকা।