বাংলাদেশের নদী ব্যবস্থাপনা নিয়ে আয়োজিত এক সেমিনারে বক্তারা বলেছেন, বাংলাদেশের নদীগুলোয় প্রতিবছর বন্যায় পানি জমে, এছাড়া নদী ভাঙনের ফলেও নদীর তলদেশ ভরে ওঠে। এ কারণে ধীরে ধীরে অনেক নদীর পানি প্রবাহ কমে নদী মরে যায়। এ অবস্থায় নদীগুলোতে ক্যাপিটাল ড্রেজিং এর মাধ্যমে সচল রাখার প্রয়োজনীয়তা তুলে ধরেন তারা।
বাংলাদেশের প্রধান প্রধান নদীগুলো রক্ষায় তাদের নাব্যতা ধরে রেখে নদী ব্যবস্থাপনা নিয়ে এক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। শনিবার ব্র্যাক সেন্টার ইন-এ পানি উন্নয়ন বোর্ড আয়োজিত এ সেমিনারে ‘ফিজিবিলিটি স্টাডি অব ক্যাপিটাল ড্রেজিং এন্ড সাসটেইনেবল রিভার ম্যানেজমেন্ট ইন বাংলাদেশ’ শীর্ষক স্টাডি রিপোর্ট উপস্থাপন করেন প্রকৌশলী এস আর খান। এতে প্রধান অতিথি ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. জাফর আহমেদ খান। সভাপতিত্ব করেন পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মোঃ শহিদুর রহমান।
উক্ত স্টাডি রিপোর্টে বাংলাদেশের প্রধান নদীগুলোর বর্তমান অবস্থা ক্যাপিটাল ড্রেজিং-এর প্রয়োজনীয়তা এবং পরবর্তী ব্যবস্থাপনা নিয়ে পরামর্শ তুলে ধরা হয়।
