নিউইয়র্কে শহীদ জননী জাহানারা ইমামকে স্মরণ

আপডেট : ২৮ জুন ২০১৪, ২১:৪৯
শহীদ জননী জাহানারা ইমামের ২০তম মৃত্যুবার্ষিকী পালন করলো নিউইয়র্কের একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি। এ উপলক্ষে স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসের ফুড কোর্ট রেস্টুরেন্টে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে বক্তারা তাদের বক্তব্যে শহীদ জননী জাহানারা ইমামকে স্মরণ করেন। তারা বলেন, শহীদ জননীর স্বপ্নের যুদ্ধাপরাধমুক্ত বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি নিউইয়র্কের সভাপতি ফাহিম রেজা নূরের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন একুশে পদকপ্রাপ্ত নাট্যব্যক্তিত্ব জামাল উদ্দিন হোসেন, প্রবীণ সাংবাদিক সৈয়দ মোহাম্মদ উল্লাহ, বিশিষ্ট রাজনীতিক ড. নূরন নবী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সউদ চৌধুরী, বিশিষ্ট রাজনীতিক ড. প্রদীপ রঞ্জন কর, সাংস্কৃতিক কর্মী গোপাল সান্যাল প্রমুখ। সভার সঞ্চালক ছিলেন স্বীকৃতি বড়ুয়া। সভায় বক্তারা বলেন, শহীদ জননী জাহানারা ইমাম একাত্তরের মুক্তি সংগ্রামে নিজের পুত্রকে হারিয়েছেন। প্রতিকূল সময়ে একাত্তরের ঘাতকদের বিচারের দাবি নিয়ে আমৃত্যু আন্দোলন চালিয়ে গেছেন। তিনি বলেন, একাত্তরের ঘাতকদের বিচারের দাবিতে পরবর্তীতে যত গণআন্দোলন হয়েছে সবকিছুর প্রেরণা ছিলেন শহীদ জননী জাহানারা ইমাম। তার আন্দোলনের ধারাবাহিকতায় যুদ্ধাপরাধারীদের বিচারের দাবিতে গণজাগরণ মঞ্চসহ বিভিন্ন আন্দোলন গড়ে উঠেছিল। বক্তারা শহীদ জননীর যুদ্ধাপরাধমুক্ত বাংলাদেশ গড়তে অবিলম্বে সকল যুদ্ধাপরাধীর বিচার সম্পন্ন ও বিচারের রায় কার্যকরের দাবি জানান।