চাঁদপুর মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের ছোটহলদিয়া-উদামর্দী ৬ কিলোমিটার রাস্তার মাঝখানে মাত্র ১ কি.মি. কাঁচা হওয়ায় উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার ছাত্র-ছাত্রীসহ লক্ষাধিক মানুষের যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
এছাড়া এ সড়ক দিয়ে প্রতিদিন সিএনজিচালিত অটোরিকশা, ইজিবাইক, নসিমন, রিকশাসহ যাত্রীবাহী অন্যান্য যানবাহন যাতায়াত করে। বিভিন্ন সময়ে ট্রলি ও ৬ চাকার ট্রাক্টরগুলো যাতায়াতে রাস্তাটি যেন ইরি ক্ষেতে পরিণত হয়েছে। মতলব দক্ষিণ উপজেলা সদর, মতলব ডিগ্রী কলেজ, মতলব মহিলা কলেজ, বিভিন্ন ব্যাংক, সরকারি বেসরকারি হাসপাতালসহ অন্যান্য গুরুত্বপূর্ণ কাজে মানুষের একমাত্র ভরসা এ রাস্তাটি। অধ্যাপক কামরুজ্জামান শিকদার বলেন, বর্ষা মৌসুমে নিজস্ব অর্থায়নে রাস্তাটি কিছুটা সংস্কার করে থাকি। গুরুত্বপূর্ণ রাস্তার এ কাঁচা অংশটুকু সরকারি অর্থায়নে পাকাকরণে সরকারের হস্তক্ষেপ কামনা করছি। সিএনজিচালিত অটোরিকশা চালক জসিম উদ্দিন জানায়, অনেক সময় উপার্জনের টাকা দিয়ে রাস্তার বড় বড় গর্ত বালু দিয়ে ভরাট করে রাস্তা মেরামত করি।
