বিএনপি বিদেশিদের কাছে নালিশে অভ্যস্ত নয় :ফখরুল

আপডেট : ২৮ জুন ২০১৪, ২২:৪১
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি বিদেশিদের কাছে নালিশে অভ্যস্ত নয় বরং ২০০৬-০৭ সালে ক্রমাগত বিদেশি কূটনীতিকদের কাছে নালিশ করেছে আওয়ামী লীগ। এর পরিপ্রেক্ষিতে অগণতান্ত্রিক, অসাংবিধানিক সরকার আসার অবস্থা তৈরি হয়েছে। গতকাল নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। মির্জা ফখরুল বলেন, বিএনপি কোনো বিদেশি বা ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের কাছে নালিশ করেনি। সুষমা স্বরাজের আমন্ত্রণে তার সঙ্গে বৈঠক করেছেন খালেদা জিয়া। সেই বৈঠকে তিনি সমতা ও সম-মর্যাদার ভিত্তিতে আলোচনা সাপেক্ষে অমীমাংসিত বিষয়গুলো সমাধানের প্রস্তাব দিয়েছেন। বৈঠকে কিছু রাজনৈতিক আলোচনাও উঠে এসেছে। ফখরুল জানান, বিএনপির এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা বলেছেন, এটি বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়। বাংলাদেশের জনগণেরই তা সমাধান করা উচিত। এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ভারত তার পাশের দেশে গণতন্ত্র চর্চা হোক, জনপ্রতিনিধিত্বমূলক সরকার আসুক তা আঞ্চলিক সহযোগিতার স্বার্থে চাইবে বলে তারা আশা করেন। ফখরুল বলেন, নারায়ণগঞ্জের উপ-নির্বাচনের মাধ্যমে আবার প্রমাণিত হয়েছে আওয়ামী লীগের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। ফখরুল জিয়া পরিবারকে নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করেন। তিনি বলেন, দেশের রাজনীতি এখন যে দিকে যাচ্ছে তাতে কলুষিত হওয়া ছাড়া কিছু আশা করা যায় না।