আগামীকাল পবিত্র মাহে রমজান শুরু

আপডেট : ২৮ জুন ২০১৪, ২২:৪১
গতকাল শনিবার বাংলাদেশের কোথাও ১৪৩৫ হিজরী সালের পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে চলতি শাবান মাস ৩০ দিনে পূর্ণ হবে। রমজান শুরু হবে আগামীকাল সোমবার। আজ রবিবার দিনগত রাতে তারাবি নামাজ আদায় ও সেহরি খেয়ে বাংলাদেশের মানুষ রোজা রাখবেন সোমবার। গতকাল শনিবার ইসলামিক ফাউন্ডেশনে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান। সন্ধ্যা সোয়া সাতটায় বায়তুল মোকাররমের ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে বসে চাঁদ দেখা কমিটির সভা। রাত আটটা পর্যন্ত দেশের কোথাও চাঁদ দেখার কোনো সংবাদ পায়নি কমিটি। এদিকে সৌদি আরবসহ উপসাগরীয় দেশগুলোতে পবিত্র রজমান মাস শুরু হচ্ছে আজ রবিবার। সৌদি আরবের শুরা কাউন্সিল জানিয়েছে গতকাল শনিবার ছিল শাবান মাসের শেষ দিন। ফলে আজ রবিবার এখানে রোজা শুরু হবে। বাহরাইনের সুপ্রিম কাউন্সিল অব ইসলামিক অ্যাফেয়ার্স একই ঘোষণা দিয়েছে।কাতারের ক্রিসেন্ট মুন সাইটিং কমিটি জানিয়েছে আজ পবিত্র রমজান মাস শুরু হবে। সংযুক্ত আরব আমিরাতের দা ইউনিয়ন মুন সাইটিং কমিটি গতকাল শনিবার সন্ধ্যায় জানিয়েছে যে, আজ রবিবার এখানে পবিত্র রমজান মাস শুরু হচ্ছে ।