কেরানীগঞ্জের কালিগঞ্জ গার্মেন্টস পল্লীতে আহম্মদ হোসেন আরিফ নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। সঙ্গী আব্দুল বাতেনকেও কুপিয়ে গুরুতরভাবে জখম করা হয়েছে। শনিবার দুপুরে ঘটনাস্থল থেকে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে প্রেরণ করেছে এবং আহত বাতেনকে মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে।
থানা পুলিশ জানায়, শুক্রবার গভীর রাতে কালিগঞ্জ গার্মেন্টস পল্লী এলাকায় ঢালী টাওয়ারের পঞ্চম তলায় আরিফের গার্মেন্টস কারখানায় ঢুকে সন্ত্রাসীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। সন্ত্রাসীরা বাতেনকে মৃত ভেবে কারখানাটি তালাবদ্ধ করে পালিয়ে যায় । সকালে মার্কেটের লোকজন আসলে হঠাত্ তালাবদ্ধ কারখানার ভিতর থেকে মানুষের কান্নার আওয়াজ শুনে তারা কারখানার তালা ভেঙ্গে ভিতরে ব্যবসায়ী আরিফকে নিহত এবং বাতেনকে আহত অবস্থায় দেখে থানা পুলিশকে খবর দেয় ।
মার্কেটের লোকজন জানায়, আরিফের কারখানায় ৮/১০ জন শ্রমিক ছিল। এই ঘটনার পরে তারাও কারখানা থেকে পালিয়ে গেছে। কেরানীগঞ্জ গার্মেন্টস দোকান মালিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান বলেন, ঢালী টাওয়ার মার্কেটে তেমন কোন নিরাপত্তামূলক ব্যবস্থা নেই। মার্কেটের দারোয়ানও ঘটনার পর পালিয়ে গেছে। আমরা আরিফ হত্যার বিচার চাই এবং হত্যাকারীদের অতি দ্রুত গ্রেফতারের জন্য পুলিশ প্রশাসনের কাছে দাবি জানাই। এদিকে কেরানীগঞ্জ সার্কেল এএসপি ডা. মো. শহিদুল ইসলাম ও দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ জামাল উদ্দিন মীর ঘটনাস্থল পরিদর্শন করেন। ওসি জামাল উদ্দিন বলেন, এই হত্যাকাণ্ডের ঘটনাটি আরিফের কোন পরিচিত লোকজন ঘটাতে পারে। পরিচিত লোক ছাড়া কারখানায় কোন লোক ঢুকতে পারে না। আরিফের বাড়ি মুন্সীগঞ্জ জেলার টুঙ্গিবাড়ি থানার ঢুলি হাট্রা গ্রামে। আহত বাতেনের বাড়ি মানিকগঞ্জ।
