গাইবান্ধায় নদী ভাঙ্গনে ৪ শতাধিক পরিবার গৃহহীন

আপডেট : ২৮ জুন ২০১৪, ২২:৪৬
গাইবান্ধায় যমুনা-ব্রহ্মপুত্র নদের ব্যাপক ভাঙ্গন শুরু হয়েছে। ফলে গত এক সপ্তাহে সাঘাটা উপজেলার পাতিলবাড়ি ও দক্ষিণ দিঘলকান্দি গ্রামের চার শতাধিক পরিবার গৃহহীন হয়েছে। এছাড়া ওই দুই গ্রামের তিনটি মসজিদ, ২টি কমিউনিটি সেন্টারের পাকা ঘর, দিঘলকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়, দিঘলকান্দি বাজারসহ অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা নদীর গ্রাসে বিলীন হয়ে গেছে। গৃহহারা পরিবারগুলো মানবেতর জীবন যাপন করছে। এদিকে নদী তীরবর্তী এলাকার ৫ শতাধিক পরিবার ভাঙ্গনের আতংকে রয়েছে। ভাঙ্গনের শিকার রফিক মিয়া ও মনির মির্জা জানান, ডাকাতি হলে গরু ছাগল, টাকা লুট করে নিয়ে যায়। আগুনে পুড়লে সহায় সম্পদ কিছু থাকে। নদী ভাঙ্গনে একটি পরিবারের বসতভিটা থেকে শুরু করে আবাদী জমি সব শেষ হয়ে যায়। থাকে শুধু হাহাকার। নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত হামিদুল শেখ, ইউসুফ উদ্দিন জানায়, আমরা রিলিফ চাই না, সরকার যেন আমাদের পুনর্বাসনের ব্যবস্থা করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল আউয়াল বলেন, নদী ভাঙ্গনের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে।