বেনাপোল সীমান্তে বিএসএফের নির্যাতনে বাংলাদেশির মৃত্যু

আপডেট : ২৮ জুন ২০১৪, ২২:৫৭
যশোরের বেনাপোল সীমান্তে এক রাখালকে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ সদস্যরা পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। নিহত রাখাল শরীফ হোসেন চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বগলাওরি গ্রামের আফজাল হোসেনের ছেলে। শনিবার সকাল ৮টার দিকে পুটখালি সীমান্তের চরের মাঠ নামক স্থানে তার লাশ পাওয়া যায়। এনিয়ে চলতি মাসে বেনাপোল সীমান্তে বিএসএফের হাতে দুই বাংলাদেশি রাখাল প্রাণ হারালেন। স্থানীয় গরু রাখালরা জানান, শুক্রবার রাতে একদল রাখালের সাথে শরীফ হোসেন পুটখালি সীমান্ত পেরিয়ে গরু আনতে ভারতে গিয়েছিলেন। শনিবার ভোরে গরু নিয়ে ফেরার সময় বিএসএফ সদস্যরা তাকে ধরে শারীরিক নির্যাতন চালিয়ে ফেলে রাখে। পরে তার সহকর্মীরা উদ্ধার করে আনার পর তিনি মারা যান। এ ব্যাপারে ২৩ বর্ডার গার্ড বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোস্তাফিজুর রহমান জানান, নিহতের শরীরে আঘাতের চিহ্ন থাকায় ধারণা করা হচ্ছে, তাকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। তাকে বিএসএফ অথবা অন্য কেউ হত্যা করেছে কিনা এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো প্রমাণ এখনও পাওয়া যায়নি। তবে তাকে যে সীমান্তের ওপারে হত্যা করা হয়েছে এ ব্যাপারে আমরা নিশ্চিত। বিজিবি লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে। পরে পুলিশ লাশের ময়না তদন্তের জন্য যশোর মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।