জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ভারতবিরোধী অবস্থান নেয়ার পরও সেই ভারতের পররাষ্ট্রমন্ত্রীর কাছে যখন নালিশ করতে ছুটে যান, তখন ব্যাপারটা সত্যিই হাস্যকর লাগে। গতকাল শনিবার সজীব ওয়াজেদ জয় তার ফেইসবুক স্ট্যাটাসে আরো বলেন, তিনি (খালেদা জিয়া) এবং বিএনপি আমাদের বিরুদ্ধে কখনোই অ্যান্টি-ভারতীয় কার্ড খেলা বন্ধ করেনি। তবুও এখানে তিনি আমাদের অভ্যন্তরীণ সম্পর্কের ক্ষেত্রে ভারতকে জড়িত করার চেষ্টা করছেন। কী লজ্জাজনক!
তিন দিনের সফরে সম্প্রতি ঢাকায় আসা ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে শুক্রবার দেখা করে বাংলাদেশের গণতান্ত্রিক পরিস্থিতি নিয়ে নালিশ করেন খালেদা জিয়া। এ সময় তিনি বলেন, বাংলাদেশে গণতন্ত্র অনুপস্থিত।
