জিতল আর্জেন্টিনার জার্সিধারী কিশোরীরা

আপডেট : ২৯ জুন ২০১৪, ২০:১০
সর্বোত্রই এখন বিশ্বকাপ উন্মাদনা। পিছিয়ে নেই সেই জনপ্রিয় দেশগুলোর সাথে নিজেদের যুক্ত করে খেলার প্রয়াস। সেই বাস্তবতায় গত শুক্রবার জমজমাট ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ হয়ে গেল ঢাকায়। সে ম্যাচে সোনালি কাপটি উঁচিয়ে ধরে উল্লাসে মেতেছে সাদা-আকাশি দল। বিশ্ব এখন গরম বিশ্বকাপের উত্তাপে। বাংলাদেশেও ঘোর বর্ষা সেই তাপে তপ্ত। তাতে নতুন মাত্রা যোগ হলো গতকাল ব্র্যাকের আয়োজনে কিশোরীদের ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ। বেলা তিনটায় মতিঝিলের টিঅ্যান্ডটি বিদ্যালয় মাঠে সাদা-আকাশি আর হলুদ-সবুজ জার্সি পরিহিত দুই দল নেমে পড়ল মাঠে। মাঠের দুই প্রান্তে চলল মিনিট দশেক হালকা কসরত। তারপর রেফারির বাঁশি। শুরু হয়ে গেল বল নিয়ে আক্রমণ-পাল্টা আক্রমণ। খেলার শুরুতে ব্রাজিলের পক্ষে গোল করে দলকে এগিয়ে নিলেন তাদের অধিনায়ক শ্যামলী বসাক। তবে সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হতে দিলেন না আর্জেন্টিনার আইরিন পারভীন। প্রথমার্ধ শেষ হলো ১-১ গোলে। দ্বিতীয়ার্ধে জয়সূচক গোলটি করেন আর্জেন্টিনা দলের জান্নাতুল ফেরদৌস। ফল দাঁড়াল ২-১। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাকের পরিচালক কমিউনিকেশন আসিফ সালেহ, শিক্ষা কর্মসূচির ব্যবস্থাপক রাশেদা পারভীন। আয়োজকরা জানালেন, ব্র্যাক নারী ও কিশোরীদের উজ্জীবিত করতে এই ‘উন্নয়নের জন্য ক্রীড়া’ শীর্ষক এই ফুটবল ম্যাচের আয়োজন করেছে। ব্র্যাক ১৯৯৩ সাল থেকে দেশে কিশোর-কিশোরীদের উন্নয়নের জন্য বিভিন্ন কর্মসূচি পরিচালনা করছে। সারাদেশে তাদের নয় হাজার কিশোরী ক্লাব রয়েছে। এই ক্লাবগুলোতে রয়েছে ৫০টি ফুটবল দল এবং ৪০টি করে ক্রিকেট ও ভলিবল দল।