আয়োজন

বিতর্কে সেরা মার্কেটিং

আপডেট : ২৯ জুন ২০১৪, ২০:১৯
১৯৯২ সালে বিতর্ক সংক্রান্ত কাজ করতে গিয়ে শাহবাগে মর্মান্তিক সড়ক দুর্ঘটনার নিহত হন ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি (ডিইউডিএস)-এর বিতার্কিক নাফিয়া গাজী। তার স্মরণে ডিইউডিএস চালু করে ‘নাফিয়া গাজী বিতর্ক প্রতিযোগিতা’। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্টগুলোর মধ্যে প্রতি ২ বছর পর পর এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ঢাবির সবচেয়ে সম্মানজনক বিতর্ক প্রতিযোগিতা ধরা হয় এটিকে। এ বছর অনুষ্ঠিত হলো ১১তম নাফিয়া গাজী বিতর্ক প্রতিযোগিতা। ঢাবির ৪৮টি বিভাগের অংশগ্রহণে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় মার্কেটিং বিভাগ এবং রানার আপ হয় উন্নয়ন অধ্যয়ন বিভাগ। ফাইনালে বিতর্কের বিষয় ছিল ‘পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর কোর্স ফি বৃদ্ধি করা উচিত’। বিরোধী দল হয়েও চমত্কার বিতর্ক করে চ্যাম্পিয়ন ট্রফি জিতে নেন মার্কেটিং বিভাগের মনোয়ার আলীম তন্ময়, গাজী নয়ন ও মো. কামরুল ইসলামের দল। জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন। নাফিয়া গাজীর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে তিনি বলেন, ‘পক্ষে-বিপক্ষে যুক্তিতর্ক উপস্থাপনে বিতার্কিকদের যথেষ্ট জ্ঞান ও মেধা থাকতে হয়। চমত্কার বাচনভঙ্গি, আকর্ষণীয় ভাষার প্রয়োগ এবং শুদ্ধ উচ্চারণের মাধ্যমে যুক্তিতর্ক উপস্থাপন করে বিতার্কিকদের অন্যকে আকৃষ্ট করার মতো বক্তব্য দিতে হয়। তাই এই প্রতিযোগিতায় যারা চ্যাম্পিয়ন হয়েছে আমি তাদেরকে অনেক অভিনন্দন জানাই।’ চ্যাম্পিয়ন দলের দলনেতা মনোয়ার আলীম তন্ময় অনুভূতি জানাতে গিয়ে বলেন, ‘মার্কেটিং বিভাগের হয়ে এর আগে আমরা ৬টি সেমিফাইনাল হেরেছি। তাই একটা আলাদা পণ ছিল এই প্রতিযোগিতায় ভালো করা। তাই চ্যাম্পিয়ন হতে পেরে খুব ভালো লাগছে।’