সাহসী সেই কনস্টেবলের এক পা কেটে ফেলতে হলো

আপডেট : ২৮ মে ২০১৯, ২২:২০

ইত্তেফাক রিপোর্ট

পুলিশের সর্বোচ্চ পুরস্কার বাংলাদেশ পুলিশ মেডেল পাওয়া সেই সাহসী কনস্টেবলের ডান পা কেটে ফেলতে হয়েছে। ২০১৭ সালের ৭ জুলাই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ডোবায় ডুবে যাওয়া বাসের ২০ যাত্রীকে জীবিত উদ্ধার করেন কনস্টেবল পারভেজ। দুর্ঘটনায় থেঁতলে যাওয়া ডান পা কেটে ফেলা হয়েছে। গত সোমবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মুন্সীগঞ্জ জেলার গজারিয়ার জামালদি বাসস্ট্যান্ডের সামনে কর্তব্যরত অবস্থায় একটি বেপরোয়া কাভার্ডভ্যান তাকে ধাক্কা দেয়। এতে তার ডান পায়ের গোড়ালি থেঁতলে চূর্ণবিচূর্ণ হয়ে যায়। হাতেও মারাত্মক আঘাত পান। মঙ্গলবার বিকালে জাতীয় অর্থোপেডিক্স হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে (পঙ্গু হাসপাতাল) অস্ত্রোপচারের মাধ্যমে তার ডান পায়ের হাঁটুর নিচের অংশ কেটে ফেলা হয়।

জাতীয় অর্থোপেডিক্স হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রের পরিচালক অধ্যাপক ডা. মো. আবদুল গণি মোল্লা বলেন, অস্ত্রোপচারের মাধ্যমে পারভেজের পায়ের পচা ও থেঁতলে যাওয়া অংশ কেটে ফেলা হয়েছে। অস্ত্রোপচারের পর অপারেশন থিয়েটার থেকে তাকে আবারও আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।