পাঁচ বছরে প্রায় ১৫ হাজার প্রবাসী বাংলাদেশি কর্মীর লাশ দেশে আনা হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।
রবিবার সংসদে এক প্রশ্নের জবাবে এই তথ্য দিয়ে মন্ত্রী জানান, ২০০৯ সালের ১ জানুয়ারি থেকে গত মে মাস পর্যন্ত ১৪ হাজার ৭৯৮ জন প্রবাসী বাংলাদেশি কর্মীর লাশ দেশে আনা হয়েছে। এর মধ্যে এ পর্যন্ত ২ হাজার ৩৮৬টি মৃতের পরিবারকে ১৪০ কোটি ৯১ লাখ ৫৭ টাকা ক্ষতিপূরণ দেয়া হয়েছে। একই প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ২০১৩ সালে বিশ্বের বিভিন্ন দেশে এক হাজার ৪৮ জন শ্রমিক বিভিন্ন দুর্ঘটনায় নিহত হয়েছেন।
গতবছর নিহত ২১২ জন কর্মীর অনুকূলে ৪২ কোটি ৯৭ লাখ ৬৩ হাজার ৮শ’ টাকা ক্ষতিপূরণ আদায় করা হয়েছে। মৃতের পরিবারকে ক্ষতিপূরণের ২১ কোটি ৮৫ লাখ ৬৮ হাজার ৪৬২ টাকা বিতরণ করা হয়েছে। আরেক প্রশ্নের জবাবে তিনি জানান, বর্তমানে বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে ৮১টি পদসম্বলিত ১৬টি শ্রম উইং রয়েছে। অপর এক প্রশ্নের জবাবে তিনি জানান, প্রবাসী বাংলাদেশি কর্মীর ৮০ শতাংশই কাজ করছে মধ্যপ্রাচ্যের দেশে।
