৯০ গ্রাম হেরোইন রাখায় যাবজ্জীবন

আপডেট : ২৮ মে ২০১৯, ২২:২০

বিডি নিউজ

নব্বই গ্রাম হেরোইন উদ্ধারের ঘটনায় এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। গতকাল মঙ্গলবার ঢাকার ছয় নম্বর বিশেষ জজ আদালতের বিচারক ড. শেখ গোলাম মাহবুব এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত মো. কামাল ওরফে ট্যাবলেট কামাল চাঁদপুর জেলার হাইমচর থানার হাজিকান্দি গ্রামের দাদন মিয়া ওরফে মদন মিয়ার ছেলে। কারাদণ্ডের পাশাপাশি আসামিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরো তিন মাস বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় দুই আসামি মো. সোহেল ও মো. শাহিনকে খালাস দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় দণ্ডিত কামাল আদালতে উপস্থিত ছিলেন। পরে সাজা পরোয়ানা দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়।

মামলার অভিযোগে বলা হয়, ২০১৬ সালের ১৯ নভেম্বর ভাষানটেক থানাধীন চার নম্বর বস্তির সালেক মিয়ার পুকুরপাড়ের বটতলায় একটি পরিত্যক্ত টিনের ঘরে আসামি কামাল, সোহেল, শাহীন ও সাজ্জাদসহ আরো কয়েকজন মাদক বিক্রির করছে— এমন খবরে পেয়ে সেখানে অভিযান চালায় পুলিশ। অভিযানের মুখে কয়েকজন পালিয়ে গেলেও কামাল ধরা পড়েন। পরে তার প্যান্টের ডান পকেটে ৪১০ ও বাম পকেটে ৫০০ পুরিয়া হেরোইন পাওয়া যায়, সব মিলিয়ে যার ওজন ৯০ গ্রাম। পরদিন ভাষানটেক থানায় মামলা হয়।