ইত্তেফাক রিপোর্ট
রাজধানীর মুগদার মানিকনগর এলাকার একটি খাল থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে পুলিশ অর্ধগলিত এ লাশটি উদ্ধার করে। আনুমানিক ২৭ বছর বয়সী ওই যুবকের পরনে জিন্স প্যান্ট ও গেঞ্জি রয়েছে। তার লাশ ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে রয়েছে।
মুগদা থানার এসআই সুশীল চন্দ্র বর্মন জানান, মানিকনগর আনন্দধারা ব্রিজের পাশে খালের পানিতে গতকাল সকালে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা থানায় জানালে পুলিশ সকাল ১০টার দিকে লাশটি উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, দুই থেকে তিন দিন আগে তাকে হত্যা করা হয়েছে। তবে লাশে পচন ধরায় হত্যার কারণ বোঝা যায়নি। তিনি আরো বলেন, নিহত ওই যুবকের পরিচয় জানার চেষ্টা চলছে। পরিচয় পাওয়া গেলে নিশ্চিত হওয়া যাবে-তাকে কারা, কেন হত্যা করেছে। লাশটি মর্গে থাকলেও গতকাল সন্ধ্যা পর্যন্ত কেউ তার সন্ধানে আসেনি।
