বহুল আলোচিত রইছ আলী হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি শাহাবুদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে সিলেটের জালালাবাদ থানা পুলিশ তাকে গ্রেফতার করে বলে জানিয়েছেন থানার ওসি গৌসুল হোসেন। গ্রেফতার হওয়া শাহাবুদ্দিন সিলেট সদর উপজেলার বড়ফৌদ গ্রামের বাসিন্দা।
২০১১ সালে রইছ হত্যা মামলায় পাঁচ জনকে মৃত্যুদণ্ড দেয়া হয়। এদের মধ্যে জমির ও শাহাবুদ্দিন পলাতক ছিলেন।
মামলার বিবরণ থেকে জানা যায়, ১৯৯৬ সালের ৭ নভেম্বর উমাইরগাঁওয়ের রইছ আলী (৩৫) সিলেট নগরী থেকে বাড়ি ফেরার পথে খুন হন। পরের দিন বিকালে কান্দিনামা গ্রামের দরগারখাল এলাকার ধানের ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহত রইছের বড় ভাই আবদুল আহাদ বাদি হয়ে সিলেট কোতোয়ালি থানায় ওই পাঁচ জনকে আসামি করে মামলা করেন।
