পাকিস্তানে জনসমক্ষে নবদম্পতির শিরশ্ছেদ করলেন স্বজনরা!

আপডেট : ২৯ জুন ২০১৪, ২২:৪৩
পাকিস্তানে ভালবেসে বিয়ে করার ‘অপরাধে’ প্রকাশ্য রাস্তায় লোকজনের সামনে এক নবদম্পতিতে গলা কেটে হত্যা করলো স্বজনরা। দেশটির পাঞ্জাব প্রদেশের একটি গ্রামে এ ঘটনা ঘটে। গত ১৮ জুন এই দম্পতি বিয়ে করেন। শনিবার তাদের হত্যা করা হয়। খবর টাইমস অব ইন্ডয়ার। নৃশংস এই হত্যার ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। মামলার নথিতে দেখা যায়, মেয়েটির নাম মুয়াফিয়া বিবি (২৩) এবং ছেলেটির নাম সাজ্জাদ আহমেদ (২৭)। মুয়াফিয়া সাতরাহ গ্রামের বাসিন্দা। আর সাজ্জাদ পাশের গ্রাম হাসনাবাদের বাসিন্দা। মুয়াফিয়া তার পরিবারের অমতে বিয়ে করেন। ফলে তার পরিবার ক্ষুব্ধ হয়। শনিবার তার পরিবার জানতে পারে যে মুয়াফিয়া সাজ্জাদের বাড়িতে গেছেন। মুয়াফিয়ার বাবা দিলশাদসহ সাতজন সদস্য সাজ্জাদের বাড়িতে যান এবং হামলা করেন। তারা মুয়াফিয়া এবং সাজ্জাদকে ধরে প্রধান সড়কে নিয়ে আসেন। তাদের প্রথমে ব্যাপক নির্যাতন করা হয়। এরপর তাদের দু’জনকেই হাত-পা বেঁধে ছুরি দিয়ে গলা কেটে মাথা আলাদা করে ফেলা হয়। এসময় সবাই নৃশংস এই দৃশ্য প্রত্যক্ষ করলেও কেউ কিছু বলতে সাহস পায়নি। হত্যাকান্ডের পর ঘাতকরা পালিয়ে যায় বলে জানিয়েছেন সংশিষ্ট থানার পুলিশ সুপার রানা জাহিদ হোসাইন। তিনি জানিয়েছেন, হত্যাকান্ডের সঙ্গে সংশ্লিষ্টদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে। আমরা প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য রেকর্ড করেছি। সাজ্জাদের চাচাতো ভাই জামাল জানিয়েছেন, সাজ্জাদ মুয়াফিয়ার বাবার কাছে বিয়ের প্রস্তাব দিলেও সেটি প্রত্যাখান করা হয়। জামাল জানান, মুয়াফিয়ার বাবা বিয়ে মেনে নেওয়ার কথা বলে তাদের ফিরে আসতে বলে। কিন্তু ফাঁদে ফেলে তাদের হত্যা করা হয়। আন্তর্জাতিক গণমাধ্যমে এই পৈশাচিক ঘটনা গুরুত্ব সহকারে প্রকাশ করা হয়েছে।