পদত্যাগ ঠেকাতে রাহুলের বাড়িতে প্রিয়াঙ্কাসহ অন্য নেতারা

আপডেট : ২৮ মে ২০১৯, ২২:৫২

ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসছেন না কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। দলের কার্যনির্বাহী কমিটির বৈঠক থেকে শুরু করে একাধিক আলোচনায় নিজের বক্তব্য স্পষ্ট করে জানিয়েছেন তিনি। এমন পরিস্থিতিতে গতকাল মঙ্গলবার বিকালে তার বাড়িতে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে যান প্রিয়াঙ্কা গান্ধীসহ দলের একাধিক প্রবীণ নেতা। তারা রাহুলকে অনুরোধ করেন নিজের সিদ্ধান্ত ফিরিয়ে নিতে। কিন্তু তারপরেও রাহুল তাদের কথায় ইতিবাচক সম্মতি দেননি।

রাহুল তার সিদ্ধান্তে অনড় থাকায় আগামী সপ্তাহে আবার বৈঠকে বসতে চলেছে কংগ্রেসের কার্যনির্বাহী কমিটি। সামপ্রতিক পরিস্থিতি সম্পর্কে কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য আসামের সাবেক মুখ্যমন্ত্রী তরুণ গগৈ জানিয়েছেন রাহুল নিজের মত পরিবর্তন করবেন না। দলের কয়েকজন প্রবীণ নেতা যে আচরণ করেছেন তা তিনি মেনে নিতে পারেননি। তাই তার মনে হয়েছে সভাপতি পদে থেকে কাজ করা ঠিক হবে না। রাহুল আশা করেছিলেন, ওই সমস্ত প্রবীণ নেতারা নির্বাচনে কঠোর পরিশ্রম করবেন কিন্তু তাদের কাজ তাকে খুশি করতে পারেনি। রাহুল মনে করছেন, প্রবীণ নেতারা যদি তাদের  সর্বোচ্চ নিংড়ে দিয়ে প্রচারণায় অংশ নিতেন তবে এমন ফল বিপর্যয় নাও হতে পারত।  দলের অনেকে প্রশ্ন করছেন বিপদের সময় সেনাপতি কী করে পরিস্থিতি থেকে দূরে চলে যেতে পারেন? তবে রাহুল বলছেন তিনি দূরে যাচ্ছেন না, বরং একজন কর্মী হিসেবে আরো জোরালো লড়াই চালাবেন। ঠিক একদিন আগে কংগ্রেসের দুই বর্ষীয়ান নেতা আহমেদ প্যাটেল এবং কে কে বেনু গোপালের সঙ্গে বৈঠক করেন রাহুল। সেখানেও তিনি নিজের বিকল্প কাউকে খুঁজে বের করতে বলেন। কংগ্রেসের রাজনীতিতে অশোক অত্যন্ত প্রভাবশালী একটি নাম।